মার্কিন ফার্স্ট লেডির টুইটার পাতা
পাতা খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ১৬ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এ পাতা অনুসরণ করা শুরু করেন।
টুইটারে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামার নতুন পাতা খোলা হয়েছে।
নতুন এ পাতাটি মার্কিন ফার্স্ট লেডির কার্যালয় থেকে পরিচালনা করা হবে। তবে মিশেল ওবামা নিজেই যে ‘টুইট’গুলো লিখবেন সেগুলো তার নামের আদ্যাক্ষর ‘এমও’ দিয়ে পোস্ট করা হবে।
বৃহস্পতিবার ফার্স্টলেডি মিশেল ওবামার ৪৯তম জন্মদিনে নতুন এ পাতাটি খোলা হয় বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।
পাতা খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ১৬ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এ পাতা অনুসরণ করা শুরু করেন। পাতার প্রথম ‘টুইটে’ ফার্স্টলেডিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আহ্বান করা হয় অনুসারীদের।
এর আগে মিশেল ওবামার নিজের নামের পাতাটিতে ২৬ লাখ ৪০ হাজার অনুসারী ছিলো। ২০১২ সালের জানুয়ারিতে বারাক ওবামা পুনর্নির্বাচনের জন্য প্রচারণা শুরুর সময় ওই পাতাটি চালু করে ওবামার প্রচারণা শিবির।
তবে ৬ নভেম্বর ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে ওই পাতায় টুইট করা অনিয়মিত হয়ে পড়ে।
