২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের উষ্ণতম ১০ বছরের তালিকায় ২০১২

২০১২ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম ১০টি বছরের তালিকায় রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এবং সামুদ্রিক ও জলবায়ু বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নোয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jan 2013, 04:28 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

১৮৮০ সালের পর থেকে এ পর্যন্ত করা তালিকায় ২০১২ সাল বিশ্বের নবম উষ্ণতম বছর বলে জানিয়েছে নাসা। তবে নোয়া বলছে, দশম উষ্ণতম বছর ছিল গত বছরটি।

২০১২ সালে পানি ও স্থলভাগসহ পৃথিবীর পৃষ্ঠদেশের তাপমাত্রা ছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউইয়র্কে নাসার গোদার্দ ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক জেমস হ্যানসেন বলেন, এটি ছিল ১৯৫১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা থেকে ১ ডিগ্রি বেশি। পৃথিবীর সব স্থানে উষ্ণতা চরম আকারে বাড়িয়ে দেয়ার জন্য এটা যথেষ্ট।

গতবছর পর্যন্ত টানা ৩৬ বছর ধরে বিংশ শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতার তুলনায় বিশ্বের তাপমাত্রা বেশি ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানান নাসা ও নোয়ার বিজ্ঞানীরা।

হ্যানসেন বলেন, গত তিন দশক ধরে বিশ্বের তাপমাত্রা ক্রমেই বেড়েছে।

নোয়ার প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বিশ্বের বেশিরভাগ এলাকার তাপমাত্রা বিশ্বের গড় তাপমাত্রা থেকে বেশি ছিল। এসব এলাকার মধ্যে ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের বেশিরভাগ এলাকা এবং এশিয়ার পশ্চিম, দক্ষিণ ও দূরবর্তী উত্তরপূর্বাঞ্চলের এলাকাগুলো।

তবে নোয়ার জাতীয় আবহাওয়া তথ্য কেন্দ্রের তথ্যানুযায়ী, আলাস্কা, কানাডার পশ্চিমাংশ, মধ্য এশিয়া, প্রশান্ত মহাসাগরের পূর্ব ও বিষুবীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ মহাসাগর ও অ্যান্টার্কটিকা বিশ্বের গড় তাপমাত্রার চেয়ে শীতল ছিল।

এছাড়া বিশ্বের মোট বরফাচ্ছাদিত অঞ্চলের তাপমাত্রার হিসাবও প্রকাশ করেছে এ প্রতিষ্ঠান দুটি। হিসাব অনুযায়ী, উত্তর গোলার্ধে গত ৪৭ বছরের মধ্যে ১৪তম বৃহৎ তুষারপাতের ঘটনা ঘটেছে। তবে বসন্ত আসতে আসতে তুষার আচ্ছাদনের পরিমাণ কমে রেকর্ডের সর্বনিম্ন তুষার আচ্ছাদনের তালিকার ষষ্ঠ স্থানে চলে যায় বলে জানিয়েছে নোয়া।