বোয়িং ৭৮৭ সরিয়ে নিচ্ছে জাপানি বিমান সংস্থাগুলো
জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) তাদের বিমান বহর থেকে ১৭টি বোয়িং ৭৮৭ ’র সবগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বুধবারের সব ফ্লাইটের কর্মসূচী স্থগিত করেছে জাপান এয়ারলাইন কর্পোরেশন।
বুধবার জাপানের আভ্যন্তরীণ বিমান চলাচল পথে এএনএ’র একটি ড্রিমলাইনার যান্ত্রিক ত্রুটি কারণে জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর বিমান সংস্থা দুটি এ সিদ্ধান্ত ঘোষণা করে।
জাপানের এই দুটি বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নতুন বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সবচেয়ে বড় ক্রেতা। এখন পর্যন্ত বোয়িংয়ের সরবরাহকৃত ৫০টি ড্রিমলাইনার বিমানের প্রায় অর্ধেক কিনেছে এই দুটি জাপানি বিমান সংস্থা।
সরবরাহ করার পর থেকেই বোয়িংয়ের ড্রিমলাইনার বিমানগুলোতে একটার পর একটা সমস্যা ধরা পড়ছেই। সর্বাধুনিক এই যাত্রীবাহী বিমানগুলো প্রধানত কার্বনের তৈরি। বিশ্বে এগুলোই প্রথম এ ধরণের বিমান।
সরবরাহের পর থেকেই বিমানগুলোর কোনটির জ্বালানি পথে ছিদ্র আবিষ্কৃত হয়, কোনটির ব্যাটারিতে আগুন ধরার ঘটনা ঘটে, বৈদ্যুতিক তারের সমস্যা ধরা পড়ে, কম্পিউটারে সমস্যা, ককপিটে ফাটল ইত্যাদি একের পর এক বিপত্তি ঘটছে।
এএনএ জানিয়েছে, আভ্যন্তরীণ রুটে ইয়ামাগুচি থেকে টোকিও আসার পথে বিমানের যন্ত্রপাতিগুলো ব্যাটারির সমস্যা নির্দেশ করে সঙ্কেত দেয়, এতে বিমানচালকদের কাছে জরুরি সতর্ক সঙ্কেত চলে গেলে তারা জরুরি অবতরণে বাধ্য হয়।
বুধবার সকাল ৮টায় ইয়ামাগুচি বিমানবন্দর ছাড়ার ৪৫ মিনিট পর এ ঘটনা ঘটে। এতে বিমানটি নিকটবর্তী টাকামাতসু বিমানবন্দরে নামতে বাধ্য হয়। এ সময় বিমানের ককপিটে ধোঁয়া দেখতে পান বিমানচালকরা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে অপর একটি ড্রিমলাইনার বিমানে একই ধরনের ব্যাটারি সমস্যায় বিমানে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছে এএনএ।
বিমানের ১২৯ জন যাত্রী ও আটজন ক্রুর সবাই নিরাপদে বিমানটি থেকে নেমে এসেছেন বলে জানিয়েছে এএনএ।
জাপান মন্ত্রিসভার মূখ্যসচিব ইয়োশিহিডি সুগা জানিয়েছেন, বিমান থেকে নামার সময় পাঁচজন সামান্য আহত হয়েছেন।
বোয়িংয়ের কর্মকর্তা মার্ক বিরটেল বলেছেন, তারা এসব প্রতিবেদন দেখেছেন, এসব বিষয়ে সজাগ আছেন এবং তাদের ক্রেতাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
