পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে গুলি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ধর্মীয় নেতার সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুঁড়েছে।
ধারণা করা হচ্ছে, দেশটির ইসলামধর্মীয় ওই নেতার এই বিক্ষোভের পেছনে সেনাবাহিনীর মদদ রয়েছে।
সরাসরি টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, বিক্ষোভকারীদের হঠাতে নিরাপত্তারক্ষীরা আকাশের গুলি ছুঁড়ছে। সুফি ধর্মীয় নেতা মোহাম্মাদ তাহিরুল কাদরির অনুসারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে পাথর ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা।
কাদরির মুখপাত্র রয়টার্সকে বলেন, সুফি নেতা কাদরিকে সরকারি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া থেকে রক্ষা করেছে বিক্ষোভকারীরা। তবে ওই সময় সুফি নেতা ও তার ছয় অনুসারী আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
কাদরির সরকারবিরোধী আন্দোলনের ডাকে পাকিস্তানিরা বিভক্ত হয়ে পড়েছে। কেউ কেউ তাকে পাকিস্তানে সংস্কারের পুরোধা হিসেবে বিবেচনা করছে।
আবার কেউ কেউ তাকে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর হাতের পুতুল বলে মনে করছেন। তবে এই ধরনের সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর দেশটিতে বেশ কয়েকবার অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার ইতিহাস রয়েছে। সেইসঙ্গে নির্বাচনেও হস্তক্ষেপের ঘটনা ঘটিয়েছে তারা।
সুফি ধর্মীয় নেতার দাবি, এই বসন্তে অনুষ্ঠিতব্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া উচিৎ। কেননা পাকিস্তানজুড়ে দুর্নীতির মূলোৎপাটনের আগে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
তবে তার এই দাবি দেশটির যুক্তরাষ্ট্রসমর্থিত সরকারের জন্য কোনো হুমকির সৃষ্টি করতে পারে নি।
