২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের সরে দাঁড়ানোর প্রয়োজন নেই: রাশিয়া

 সিরিয়া সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন নেই বলে দাবি করেছে রাশিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jan 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

তবে সিরিয়াতে সামরিক সমাধানের সম্ভাবনা নেই বলে দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমির মন্তব্যকে সমর্থন করেছে তারা।

সিরিয়ায় ২১ মাস ধরে চলা গণঅভ্যুত্থানে প্রায় ৬০ হাজার মানুষ নিহত এবং চলমান সহিংসতা বন্ধে বিশ্ব শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

এদিকে সপ্তাহ জুড়ে ঝড়ো আবহাওয়ার কারণে গুটিয়ে থাকার পর শনিবার দামেস্কের উপকন্ঠগুলোতে আবারো বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

ব্রাহিমি বলেছেন, আসাদের বিষয়টি অমীমাংসিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় শক্তি এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো দেশটির গৃহযুদ্ধ বন্ধে আসাদের পদত্যাগের ওপর জোর দিয়ে আসছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আগের মত আমরা এখনো জোর দিয়ে বলছি যে, বহির্বিশ্বের হস্তক্ষেপে নয়; সিরিয়ার ভবিষ্যত সিরিয়াবাসীই নির্ধারণ করবে।”

সিরিয়ায় সঙ্কট শুরুর পর থেকে রাশিয়া আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। দেশটির সঙ্কট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন সদস্য চায় আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়াক। পাশাপাশি আরব শক্তিগুলোও আসাদের সরে দাঁড়ানোর পক্ষে। কিন্তু নিরাপত্তা পরিষদের অপর দুই সদস্য চীন ও রাশিয়া এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

গত জুনে বিশ্ব শক্তিগুলোর চুক্তির ওপর ভিত্তি করে রাশিয়া ‘একটি রাজনৈতিক হস্তান্তর প্রক্রিয়ার’ আহ্বান জানিয়েছে।

জেনেভায় গতবছর শক্তিধর রাষ্ট্রগুলোর বৈঠকে সিরিয়ায় বিবদমান পক্ষগুলোকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করা হয়।

ওই প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাহিমি। এ লক্ষ্যে গত ডিসেম্বরের শুরু থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে তিনবার বৈঠক করেছেন তিনি। বিষয়টি নিয়ে আসাদের সঙ্গেও বৈঠক করেছেন এই আন্তর্জাতিক দূত।

সিরিয়া সঙ্কট সমাধানে ‘জেনিভা পরিকল্পনাই’ এখনো মূল ভিত্তি জানিয়ে বুধবার জাতিসংঘের শান্তি দূত লাখদার ব্রাহিমি বলেছেন, এর কোনো সামরিক সমাধানের সম্ভাবনা নেই।.