২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাভেজের বিলম্বিত অভিষেক বৈধ: আদালত

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 05:06 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

স্বাস্থ্য সমস্যার কারণে নুতন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে হুগো শ্যাভেজের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতে সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়েছে ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত।

দেশটির বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত মেনে নিলেও এর ফলে ভেনেজুয়েলা যে অনিশ্চতার মুখোমুখি হয়েছে তা দূর হবে না বলে মন্তব্য করেছেন।

এরআগে ভেনেজুয়েলার সংসদে ভোটাভুটির মাধ্যমে শ্যাভেজকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেয়ার বিষয়টি অনুমোদন করে।

ভেনেজুয়েলার সুপ্রিমকোর্টের প্রেসিডেন্ট লুইসা এস্টেলা মোরলেস বলেছেন, কিউবায় চিকিৎসারত শ্যাভেজের অনুপস্থিতিকে অবৈধ বিবেচনা করা হবে সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি সাংবিধানিকভাবেই পরবর্তী কোনো তারিখেও শপথগ্রহণ করতে পারবেন। সেইসঙ্গে তিনি পুনর্নির্বাচিত হওয়ার মধ্যদিয়েই সরকার পরিচালনা অব্যাহত রাখার নিশ্চয়তা অর্জন করেছেন।

টেলিভিশনে দেওয়া ওই বিবৃতিতে মোরলেস বলেন, সর্বোচ্চ আদালত মনে করে, অভিষেক অনুষ্ঠান বা শপথ একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। তবে প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরুর ক্ষেত্রে তা অপরিহার্য নয়।

তিনি আরো বলেন, কোনো সন্দেহ নেই, শপথ অনুষ্ঠান অবশ্যই হবে, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি না কখন, কিভাবে, কোথায় তিনি (প্রেসিডেন্ট) সেটি গ্রহণ করবেন।

তবে দেশটির বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায়ের মধ্যদিয়ে প্রেসিডেন্ট শ্যাভেজের অনুপস্থিতিতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা দূর হবে না।

তিনি অভিযোগ করে বলেন, সুপ্রিম কোর্টের বিচারকরা দলীয় রাজনীতিতে অংশ নিয়ে দলের সমস্যা সমাধানে অভিভাবকত্ব করছেন।

৫৮ বছর বয়সী সাবেক সৈনিক শ্যাভেজ ১৯৯৯ সাল থেকে ওপেকভুক্ত রাষ্ট্র ভেনেজুয়েলা শাসন করে আসছেন। তবে ২০১২ সালের ১১ ডিসেম্বর কিউবায় ক্যান্সারের অস্ত্রোপচারের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

২০১১ সালের জুনে শ্যাভেজের দেহে ক্যান্সার ধরা পড়ে। এই নিয়ে তার শরীরে চার দফা অস্ত্রোপচার হয়েছে। তবে শ্যাভেজের ক্যান্সারের ধরনটি সম্পর্ কখনোই কোনোকিছু প্রকাশ করা হয়নি।

এরআগে ভেনেজুয়েলার আইনপ্রণেতাদের উদ্দেশ্যে শ্যাভেজের পছন্দের উত্তরসূরী ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “আমাদের নেতা ও প্রেসিডেন্ট আমাদের জানাতে চেয়েছেন, চিকিৎসার বাধ্যবাধকতার কারণে তার অস্ত্রোপচার পরবর্তী আরো কিছু সময় প্রয়োজন হবে, যে সময়টি ১০ জানুয়ারি ছাড়িয়ে যাবে।”

“এ কারণে তিনি জাতীয় পরিষদের অধিবেশনে যথাসময়ে উপস্থিত হতে অপারগ।”, বলেন মাদুরো।

পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ না নিতে পারলে পরবর্তী সময়ে সর্বোচ্চ আদালতের বিচারপতির কাছেও তিনি শপথ নিতে পারবেন। তাতে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না।