৪৮ ইরানিকে মুক্তি দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা
সিরিয়ার বিদ্রোহীরা গত অগাস্ট মাস থেকে আটক ৪৮ জন ইরানি নাগরিককে মুক্তি দিয়েছে।সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক ২,১৩০ বন্দির বিনিময়ে বিদ্রোহীরা এদের মুক্তি দেয়।
বিদ্রোহী যোদ্ধাদের দাবি, ওই ইরানিরা সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ হয়ে লড়তে এসেছিল।
দামেস্কে গত অগাস্টে তাদেরকে জিম্মি করার পরপরই বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র আল বারা ব্রিগেড জানিয়েছিল, ইরানের সশস্ত্র বাহিনী রেভল্যুশনারি গার্ডের সদস্যরা সিরিয়া শাসকগোষ্ঠীর হয়ে কাজ করতে সিরিয়ার এসেছে বলে প্রমাণ পেয়েছে তারা।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বুধবার ‘ফ্রি সিরিয়ান আর্মি’র মুখপাত্র আহমেদ আল খতিব জানান, জিম্মিদেরকে মুক্তি দেয়া হয়েছে।
তবে সিরিয়া সরকার এ মুক্তির খবর এখনো নিশ্চিত করেনি।আর ইরানের রাষ্ট্রীয় টিভি খবরটি জানালেও বন্দিদের বিনিময়ে তাদের মুক্তির বিষয়টি উল্লেখ করেনি বলে জানিয়েছে বিবিসি।
তবে এর আগে তুরস্কের ত্রাণ সংগঠন ‘হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন’(আইএইচএইচ)২ হাজার ১৩০ জন বেসামরিক বন্দির বিনিময়ে ওই ইরানিদের মুক্তি দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছিল।
আইএইচএইচ বোর্ডের সদস্য ওসমান আতালে রয়টার্সকে জানিয়েছিলেন, বন্দি সিরীয় নাগরিকদের বিনিময়ে বিদ্রোহীরা ইরানি জিম্মিদের মুক্তি দেবে।তবে তাদের মধ্যে কয়েকজন তুর্কিও আছে।
পরবর্তীতে তিনি এ বন্দিবিনিময় শুরু হওয়ার কথাও জানান। কাতার এবং তুরস্কের উদ্যোগে হওয়া চুক্তির আওতায় এ বন্দিবিনিময় হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
