‘খাদ’ এড়াতে শেষ মুহূর্তে সমঝোতা
বাজেট ঘাটতি কমাতে গিয়ে নতুন বছরের শুরুতেই ‘অর্থনৈতিক খাদে’ পড়া থেকে বাঁচতে একেবারে শেষ মুহূর্তে এসে সমঝোতায় পৌঁছেছেন হোয়াইট হাউস ও আইনপ্রণেতারা।
বাজেট ঘাটতি কমাতে গিয়ে নতুন বছরের শুরুতেই ‘অর্থনৈতিক খাদে’ পড়া থেকে বাঁচতে একেবারে শেষ মুহূর্তে এসে সমঝোতায় পৌঁছেছেন হোয়াইট হাউস ও আইনপ্রণেতারা।
গত কয়েকমাস ধরে নিস্ফল আলোচনার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সিনেটররা সোমবার রাতে যে ঐকমত্যে পৌঁছেছেন, ব্যয় সংকোচন ও কর বৃদ্ধির সিদ্ধান্ত অন্তত দুই মাস পিছিয়ে যাবে বলে কর্মকর্তারা আশা করছেন।
তারা বলছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতিতে সমঝোতা বৈঠকে কর বৃদ্ধি ও ব্যয় হ্রাসের মধ্যে একটি ভারসাম্য আনতে সম্মত হয়েছেন দুই পক্ষের নেতারা।
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল বিপদ এড়ানোর যে পরিকল্পনা করেছেন তার ওপর নতুন বছরের প্রাক্কালেই সিনেটে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সমঝোতা শেষ পর্যন্ত কংগ্রেসের অনুমোদন না পেলে গত দশ বছর ধরে চলে আসা কর অবকাশের মেয়াদ শেষে ২০১৩ সালের শুরু থেকেই বিপুল পরিমাণ আয়কর গুণতে হবে যুক্তরাষ্ট্রের সব শ্রেণিপেশার মানুষকে।
পাশাপাশি ব্যয় কমানোর জন্য বাজেট হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হবে, আর তাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক খাতগুলোতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ব্যয় সংকোচন শুরু হলে, স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা খাত থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য খাত থেকে আরো ৫০ শতাংশ বরাদ্দ প্রত্যাহার হয়ে যাবে।
