বোপায় নিহতের সংখ্যা ৯ শতাধিক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে শত শত মানুষ।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে শত শত মানুষ।
বৃহস্পতিবার ফিলিপাইন সরকারের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
টাইফুন বোপায় নিহত ৯০২ জনের মধ্যে প্রাকৃতিক সম্পদে ভরপুর মিন্দানাওয়েই নিহতের সংখ্যা বেশি।
চলতি মাসের ৪ তারিখে টাইফুন বোপা ওই অঞ্চলে আঘাত হানে। এখনো পর্যন্ত বোপায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬১৫ জন নিখোঁজ রয়েছে।
দেশটিতে বছরের সবচেয়ে ভয়াবহ টাইফুনে দেড় লাখ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। ৮০ হাজার মানুষ সরকারের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ টাইফুন বোপায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বসম্প্রদায়ের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলারের সহায়তার আহ্বান জানিয়েছেন।
টাইফুন বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত হলেও মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বোপা। ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা বোপার কারণে এই প্রদেশের অধিকাংশ গাছ-পালা উপড়ে যায়, উড়ে যায় ঘরের চাল। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত হয়।
