হ্যানয়, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের ‘একতরফা’ খনিজ তেল অনুসন্ধান বন্ধের দাবি জানানোর পর দেশটির প্রধান দুটি শহরে চীনা বিরোধী সংক্ষিপ্ত প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ভিয়েতনামে চীনা বিরোধী বিক্ষোভ একটি বিরল ঘটনা।
রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর হো চি মিন সিটিতে এসব প্রতিবাদের ঘটনা ঘটে।
হ্যানয়ের অপেরা হাউসের বিপরীত পাশে প্রায় ৩০ জন ভিয়েতনামী জড়ো হয়ে চীন বিরোধী শ্লোগান দিতে শুরু করে। তাদের হাতে চীন বিরোধী ব্যানারও দেখা যায়। এক পর্যায়ে প্রতিবাদ মিছিল নিয়ে তারা চীনা দূতাবাসের দিকে এগিয়ে যায়।
পরিকল্পিত এই চীন বিরোধী প্রতিবাদ মিছিলের কথা আগেই ইন্টারনেটে কয়েকটি ব্লগে জানানো হয়েছিল।
চীনা দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। তারা বিক্ষোভকারীদের একটি বাসে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। তাদের কী করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সাধারণত এমন ঘটনায় জিজ্ঞাসাবাদের পরই ছেড়ে দেওয়া হয়।
হো চি মিন শহরে চীন বিরোধী বিক্ষোভ শুরু হওয়া মাত্রই অল্প কিছু প্রতিবাদকারীকে পুলিশ ঘিরে ফেলে। হাতে থাকা ব্যানার আটক করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী।
বৃহস্পতিবার চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের উপকূলে চীনা মাছ ধরার জাহাজগুলোকে বাধা দিচ্ছে ভিয়েতনাম।
বিতর্কিত জলসীমায় ভিয়েতনামের তেল অনুসন্ধান ও চীনা জেলেদের হয়রানি বন্ধ করার দাবী জানায় চীন।
কিন্তু ভিয়েতনাম পাল্টা অভিযোগ করে জানায়, দুটি চীনা মাছ ধরার জাহাজ একটি ভিয়েতনামী জাহাজের জরিপ তার কেটে ফেলেছে।
প্রচুর তেল-গ্যাসের মজুদ থাকার সম্ভবনা সম্পন্ন দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন প্রতিবেশী দেশ ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, ব্রুনেই ও মালয়েশিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে।
চীন প্রায় পুরো সাগরটির মালিকানা দাবী করলেও প্রতিবেশী দেশগুলো সাগরটির বিভিন্ন অংশের মালিকানা দাবী করছে।
প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে বিদ্যমান প্রধান বাণিজ্যিক নৌপথটি দক্ষিণ চীন সাগরের ভিতর দিয়ে গিয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রধান নৌবাণিজ্য পথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কিউএইচ/১৪২১ ঘ.
bdnews24