ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে শনিবার উন্নত বিশ্ব ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের দায় হিসাবে উন্নত বিশ্বকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে দরিদ্র দেশগুলো। কিন্তু এ ক্ষতিপূরণের পরিমাণ অসীম হতে পারে বলে এর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।
এ সম্মেলনে ক্ষয়-ক্ষতির ইস্যুটিই এখন সর্বশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখান করলে সম্মেলন ত্যাগ করবে বলে জানিয়েছে ছোট দ্বীপরাষ্ট্রগুলো।
এ বিষয়ে ইউরোপিয় ইউনিয়ন কী অবস্থান নিবে তা এখনো স্পষ্ট নয়। তবে তারা এ প্রস্তাবের পক্ষে থাকবে এমন আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
জলবায়ু পরিবর্তনের দায় নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কানাডার সমর্থন আদায়ের চেষ্টা করবে। কানাডাও জলবায়ু দূষণের জন্য অন্যতম দায়ী দেশ।
ক্ষতিপূরণ হিসাবে কী পরিমাণ অর্থ দেয়া হবে এখন এ বিষয়টিও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনে জ্বলানি পরিশোধন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ২০২০ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্র“তি দিয়েছিল উন্নত দেশগুলো।
কিন্তু তারা বিশেষত যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখন গড়িমসি করছে বলে ইতোমধ্যে অভিযোগ করেছে দরিদ্র দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২৩০১ ঘ.
bdnews24