ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট মুরসির ডিক্রি জারি ও খসড়া সংবিধান নিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যথায় এ ইস্যুতে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা।
সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর তাদের প্রথম বিবৃতিতে সরকারী প্রতিষ্ঠান ও নির্দোষ নাগরিকদের সুরক্ষার প্রত্যয় জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
কায়রোতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দিল তারা, বিবিসি এ খবর জানিয়েছে।
মুরসি ইতোমধ্যে বিরোধিদের আলোচনার আহ্বান জানিয়েছে। কিন্তু খসড়া সংবিধানের ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত বাদ দেয়ার আগ পর্যন্ত তারা আলোচনায় বসবে না বলে জানিয়েছে বিরোধিরা।
খসড়া সংবিধানের সমালোচকরা বলছেন, মিশরের পার্লামেন্টে মুরসি সমর্থক ইসলামপন্থীদের আধিপত্য রয়েছে। সেই পার্লামেন্টে পর্যাপ্ত আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে খসড়া সংবিধান অনুমোদন দেয়া হয়েছে।
খসড়া সংবিধানটি রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী অধিকার রক্ষায় তেমন সহায়ক নয় বলে অভিযোগ করেছে তারা।
এদিকে ওইসব ইস্যুতে খসড়া সংবিধানের বিরোধিতা না করলে মুরসি ১৫ ডিসেম্বরের গণভোটের তারিখ পিছিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট মাহমুদ মেক্কি।
গত ২২ নভেম্বর ক্ষমতা অধিগ্রহণ করে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করেন মুরসি। এই ডিক্রি জারিকে কেন্দ্র করে হোসনি মুবারকের পতনের পর আবারও উত্তাল হয়ে ওঠেছে মিশর।
বিরোধীরা তাকে নতুন ‘ফারাও’ বলে অভিহিত করে একনায়ক হয়ে ওঠার চেষ্টা করছেন বলে অভিযোগ করছে।
এর প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে মুসরির ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে ‘তড়িঘড়ি’ করে খসড়া সংবিধান অনুমোদন করে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠিয়ে দেয়া হয়।
এরপর সংবিধানের ওপর গণভোটের ডাক দেন প্রেসিডেন্ট মুরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২৫ ঘ.
bdnews24