ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদে দু’জন মানুষ পাঠানোর উদ্দেশে ১৪০ কোটি মার্কিন ডলারের নতুন প্রকল্প হাতে নিয়েছে নতুন প্রতিষ্ঠান গোল্ডেন স্পাইক।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা’র কয়েকজন সাবেক কর্মকর্তার দল নিয়ে প্রতিষ্ঠিত গোল্ডেন স্পাইক জানিয়েছে, চলতির দশকের মধ্যেই এ প্রকল্পের প্রথম উৎক্ষেপণ সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি নতুন মহাকাশযানে প্রচলিত রকেট ও ক্যাপসুল প্রযুক্তি ব্যবহার করবে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক সময়ে প্রাইভেট প্রতিষ্ঠান স্পেস এক্সের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের মহাকাশযান নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। গত অক্টোবরে স্পেস এক্স নির্মিত ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মালামাল পৌঁছে সফলভাবে পৃথিবী ফিরে আসে।
১৯৬০ এর দশকে দুই মার্কিন নভোচারী চাঁদে পা রাখার পর বিপুল ব্যয়ের কারণে চাঁদে মানুষ পাঠানোর আর কোনো প্রকল্প হাতে নেয়নি কোনো দেশ। সম্প্রতি আবারো চাঁদে মানুষ পাঠানোর একটি পরিকল্পনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গোল্ডেন স্পাইকের পরিচালক ও নাসার সাবেক সহযোগী প্রশাসক অ্যালেন স্টার্ন বলেন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সরকারকে সেসব দেশের নভোচারী চাঁদে পাঠানোর জন্য প্রস্তাব দেয়া হবে।
অ্যালেন স্টার্ন বলেন, ‘২০২০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো একটি পণ্যতে পরিণত করবো আমরা।’
মোট ১৫ থেকে ২০টি উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে আশা করছে গোল্ডেন স্পাইক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/০৯৫১ ঘ.
bdnews24