২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসির আলোচনার আহ্বান প্রত্যাখ্যান বিরোধীদের

সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনে ভূমিকা রাখা ‘এপ্রিল ৬’ আন্দোলনের ফেইসবুক পাতায় বলা হয়, নতুন বিক্ষোভ মুরসিকে ‘লাল কার্ড’ দেখাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

কায়রো, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে প্রেসিডেন্ট মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পরে খসড়া সংবিধান নিয়ে আলোচনায় বসার জন্য মুরসির আহ্বান প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। মুরসির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভের ডাকও দিয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে শনিবার বিরোধী রাজনৈতিক নেতা, ‘বিদ্রোহী যুব সমাজ’ ও অন্যান্য আইনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান মুরসি। একইসঙ্গে তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের উপর গণভোট অনুষ্ঠিত হবে এবং এর জন্য কাজ চলছে। তিনি আরো বলেন, গণভোটে খসড়া সংবিধান প্রত্যাখ্যাত হলে তা বাতিল করা করা হবে। নতুন কমিটি তৈরি করে নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করা হবে। তবে খসড়া সংবিধানবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেয়া বিভিন্ন সংগঠন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে মুরসির পদত্যাগের দাবিতে শুক্রবার নতুন করে বিক্ষোভের ডাক দেয়। ভাষণের পরপরই কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে জুতা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় মুরসিকে ‘খুনি’ বলে উল্লেখ করে ‘আমরা যাবো না, সে যাবে’ বলে স্লোগান দিতে থাকে। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনে ভূমিকা রাখা ‘এপ্রিল ৬’ আন্দোলনের ফেইসবুক পাতায় বলা হয়, শুক্রবারের বিক্ষোভ মুরসিকে ‘লাল কার্ড’ দেখাবে। গত ২২ নভেম্বর ব্যাপক ক্ষমতা অধিগ্রহণ করে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করেন মুরসি। এই ডিক্রি জারিকে কেন্দ্র করে হোসনি মুবারকের পতনের পর আবারও উত্তাল হয়ে ওঠে মিশর। বিরোধীরা মুরসিকে ‘নতুন ফারাও’ বলে অভিহিত করে তিনি একনায়ক হয়ে ওঠার চেষ্টা করছেন বলে অভিযোগ করে। প্রস্তাবিত সংবিধানে ব্যক্তিস্বাধীনতা খর্ব করা হয়েছে এবং এতে ইসলামপন্থী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে অভিযোগ করে এর বিরোধিতা করছে দেশটির উদারপন্থী, বামপন্থী, খ্রিস্টানসহ অন্যান্য সরকার বিরোধীরা। তবে মুরসির ইসলামপন্থী সমর্থকরা বলছেন, বর্তমান পুনর্গঠনের উদ্যোগে মুবারক আমলের বিচারকদের হস্তক্ষেপ ঠেকানোর জন্য এ ডিক্রি জারি করার প্রয়োজন ছিলো। খসড়া সংবিধান প্রণয়নকারী কমিটিতেও ইসলামপন্থীদের প্রাধান্য ছিলো। ঘোষণাকৃত ডিক্রি বাতিল করে গণভোট স্থগিতের দাবি জানিয়েছে মুরসি বিরোধীরা। খসড়া সংবিধান সংশোধনের দাবিও জানায় তারা। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মুরসি জানান, গণভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ ডিক্রির কার্যকারিতা শেষ হয়ে যাবে। এদিকে কায়রোতে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে আগুন দেয়া হয়। দলটির অন্যান্য কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের নিরাপত্তার জন্য ট্যাঙ্ক নামানোর পর দুপুরের মধ্যে প্রাসাদের সামনে থেকে মুরসি সমর্থকরা সরে গেলেও বিরোধীরা সেখানে অবস্থান করছিলো। ট্যাঙ্ক ও কাঁটাতারের বেষ্টনীর বাইরে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই বেড়ে কয়েক হাজারে পৌঁছেছে। বুধবার মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে নিহত ছয় জনের সবাই মুরসি সমর্থক বলে দাবি করেছে মুসলিম ব্রাদারহুড। সংঘর্ষে অন্ততপক্ষে ৩৫০ জন আহত হয়। মুরসির ডিক্রি জারির পর থেকে এপর্যন্ত তার ছয়জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবারও রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের পরিচালক ইসসাম আল-আমিরসহ প্রশাসনের একজন খ্রিস্টান কর্মকর্তা পদত্যাগ করেন বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩১২ ঘ.