ওয়ানা (পাকিস্তান), ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্ততপক্ষে এক সেনা নিহত ও অপর আটজন আহত হয়েছেন।
বুধবার এ খবর জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।
বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে দুই আত্মঘাতী সেনা ঘাঁটির ফটকে এসে গাড়িসহ নিজেদের উড়িয়ে দেয়। গাড়িটি নিয়ে তারা আফগানিস্তান থেকে আসে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, “নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটি থামানোর চেষ্টা করেছিল, কিন্তু না থেমে গাড়িটি ঘাঁটির দিকে এগিয়ে আসতে থাকলে তারা গুলি চালায়। এ সময় ওই দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটায়।”
ওই ঘাঁটিতে কয়েক হাজার সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনস্ত আধাস্বায়ত্বশাসিত বিভিন্ন গোত্র অধ্যুষিত এলাকা। এদের মধ্যে পশতুরা সংখ্যাগরিষ্ঠ। কয়েক দশক ধরে ওই অঞ্চলে তৎপর তালেবানসহ অন্যান্য বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল এই পশতুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24