ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর উদ্দেশে রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে সংবাদ সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
গত এপ্রিলে রকেট উৎক্ষেপণে ব্যর্থতার ভুলগুলো শোধরানোর লক্ষ্যেই এ উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।
আগামী ১৯ ডিসেম্বর উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচনকালীন উত্তর কোরিয়ার এ পদক্ষেপ কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনায় নতুন ইন্ধন যোগাবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৮ ঘ.
bdnews24