ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উৎস হিসেবে ইসলামি শরিয়া আইনকে বিবেচনায় রেখে নতুন খসড়া সংবিধান অনুমোদন করেছে মিশরীয় পার্লামেন্ট। পার্লামেন্টে অনুমোদিত খসড়া সংবিধানটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য মোহামেদ মুরসির কাছে পাঠানো হবে।
পার্লামেন্টের অনুমোদিত খসড়া সংবিধানটি অনুমোদনের আগে প্রেসিডেন্ট মুরসি এ বিষয়ে একটি গণভোটের আয়োজন করবেন বলে ধারণা করা হচ্ছে।
মিশরের গণতান্ত্রিক উত্তরণকে চূড়ান্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে শুক্রবারের মধ্যেই নতুন সংবিধান চূড়ান্ত করার আশা করছিল মিশরের ইসলামপন্থী নেতৃত্বাধীন পার্লামেন্ট।
এর মাধ্যমে প্রেসিডেন্টের জারিকৃত নতুন ডিক্রি নিয়ে সৃষ্ট সঙ্কটও শেষ হবে বলেও আশা করছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।
সংবিধান অনুমোদনের জন্য বৃহস্পতিবার থেকে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। এরপর রাতভর অধিবেশনের চলার পর শুক্রবার সকালে অধিবেশ খসড়া সংবিধানটি অনুমোদন করা হয়।
খসড়া সংবিধানের ২৩৪টি ধারার সবগুলো অনুমোদন করেছে পার্লামেন্ট।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্যমতে, সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শরিয়া আইনকে “আইনের প্রধান উৎস হিসেবে” বিবেচনা করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক প্রণীত সংবিধানেও ওই বিষয়গুলো বহাল ছিল। নতুন সংবিধানেও তা অপরিবর্তিত রাখা হয়েছে।
ইসলামপন্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গী সংবিধানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পার্লামেন্টের উদারপন্থী, বামপন্থী ও খ্রিস্টান সদস্যরা। এই অভিযোগে ভোট প্রত্যাখান করেছে তারা।
গত সপ্তাহে প্রভূত ক্ষমতা অধিগ্রহণ করে একটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট মুরসি। নতুন পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত আদালতও প্রেসিডেন্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না বলে ডিক্রিতে বিধান রাখা হয়।
এ নিয়ে বিরোধী দলগুলোর তীব্র প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি দেশটির বিচারবিভাগও বিরোধিতা শুরু করেছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জ্যেষ্ঠ বিচারকেরা।
সংবিধান বিলুপ্ত করা বিষয়ে রোববার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। এরপরই সংবিধানের খসড়াটি অনুমোদ করে পার্লামেন্ট।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মুরসি বলেন, “একনায়কত্বের কোনো সুযোগ নেই। সংবিধানে ওপর জনগণের ভোটের মাধ্যমেই সবকিছুর অবসান হবে।”
“বিশেষ পরিস্থিতি মোকাবেলায়” ডিক্রি জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুরসির পক্ষ থেকে জানানো হয়। কিন্তু হোসনি মুবারকের পতনের দুই বছরের মধ্যে নতুন একনায়ক তৈরি হচ্ছে শঙ্কায় বিরোধীদলগুলো রাস্তায় নেমে সহিংস প্রতিবাদ শুরু করে।
নতুন সংবিধানকে মুসলিম ব্রাদারহুডের সম্পত্তি অভিহিত করে এর অনুমোদনের জন্য তাড়াহুড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুরসির সমালোচকেরা।
মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রার্থী হিসেবেই মুরসি গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন।
ডিক্রি জারির পর থেকে অব্যাহত সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত দুই জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে। ডিক্রি জারিকে কেন্দ্র করে মিশরের ক্ষমতাসীন ইসলামপন্থী শাসক গোষ্ঠীর সঙ্গে বিরোধীদের রাজনৈতিক বিভক্তি আরো হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে আরো উত্তেজনা ছড়িয়ে শনিবার মুসলিম ব্রাদারহুড ও ইসলামপন্থী মিত্রদলগুলো মুরসির পক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশটি তাহরির স্কয়ারে করা হবে না বলে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে জানানো হয়েছে।
তাহরির স্কয়ারে গত শুক্রবার থেকে টানা আটদিন ধরে প্রেসিডেন্ট মুরসির বিরোধীরা অবস্থান নিয়ে আছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিরোধীদের স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। তিনি বলেছেন, “মিশরে সত্যিকার বিরোধীদল থাকায় আমি খুব খুশি।”
সৃষ্ট সঙ্কটে মিশরীয়রা বিভক্ত হয়ে পড়বে না, এমন প্রত্যয় ব্যক্ত করে সরকার বিরোধী প্রতিবাদে সহিংসতা কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24