২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি সীমান্তের কাছে সিরীয় যুদ্ধবিমানের বোমাবর্ষণ

তুরস্ক সীমান্তের কাছে দুইটি বিদ্রোহী ঘাঁটিতে বোমবর্ষণ করেছে সিরীয় যুদ্ধবিমানগুলো। হামলার পর ঘাঁটি দুইটিতে কয়েকশ’ বাসিন্দা প্রতিবেশী রাষ্ট্র তুরস্কে পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

বুকুলমেজ (তুরস্ক), নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক সীমান্তের কাছে দুইটি বিদ্রোহী ঘাঁটিতে বোমবর্ষণ করেছে সিরীয় যুদ্ধবিমানগুলো। হামলার পর ঘাঁটি দুইটিতে কয়েকশ’ বাসিন্দা প্রতিবেশী রাষ্ট্র তুরস্কে পালিয়ে গেছে। সোমবার বাব আল হাওয়া সীমান্ত পারাপারের কাছে আতিমা এলাকায় ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি ঘাঁটিতে ছয়টি বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে এক সরকারবিরোধী আন্দোলনকারী। এফএসএ সদস্য মাহমুদ আহমদ বলেন, “অনেক মানুষ আহত হয়েছে। সীমান্তে আমি অনেক আহত মানুষকে দেখেছি।” বোমা হামলায় সিরীয় শরণার্থীদের জন্য স্থাপন করা অনেকগুলো তাঁবুও বিধ্বস্ত হয়েছে। তবে হামলার সময় সেগুলোর ভিতর কেউ ছিল না। ঘাঁটিটির কাছে কয়েকটি ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানান আহমদ। বিমানগুলোকে লক্ষ করে বিদ্রোহীরা বিমান বিধ্বংসী কামান থেকে গোলা নিক্ষেপ করলেও সেগুলো কামানের গোলার আওতার বাইরে দিয়ে উড়ছিল বলে জানান আহমদ। গত ১০ দিনে সিরিয়ার বিদ্রোহীরা সেনাবাহিনীর অনেকগুলো ঘাঁটি দখল করে নিয়েছে। এর মাধ্যমে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের পূর্বে ও উত্তরপূর্বের কৃষিপ্রধান অঞ্চল ও শহরগুলোর ওপর নিজেদের দখল জোরদার করেছে। বিদ্রোহীরা আলেপ্পো শহরের পূর্বে অবস্থিত তিশরিন বাঁধের দখল নিয়েছে বলে সোমবার জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। গত বিশমাস ধরে চলা সিরিয়ার বাশার আল আসাদ সরকারবিরোধী আন্দোলন-বিদ্রোহ-লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.