ইসরায়েল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আকস্মিক ঘোষণা দিয়েছেন। ২২ জানুয়ারির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়েছেন তিনি।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে বারাক বলেন, “আমি রাজনৈতিক জীবন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আগামী নেসেট নির্বাচনেও আমি দাঁড়াব না।”
এখন নিজের জীবনের দিকে মনযোগ দেবেন বলে জানান বারাক। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে ক্লান্ত বোধ করছেন জানিয়ে বারাক বলেন, তিনি এখন পরিবারকে আরো বেশি সময় দিতে চান। আর রাজনীতির জায়গাটা তিনি ছেড়ে দিতে চান অন্যদের জন্য।
সাংবাদিকদের বারাক বলেন, “আমি এখন পড়াশোনা ও লেখালেখি করে সময় কাটাতে এবং নিজের মত করে বেঁচে একটা ভাল সময় পার করতে চাই।”
তবে নতুন সরকার গঠনের আগ পর্যন্তপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি । ২০০৭ সালে বারাক এ দায়িত্ব গ্রহণ করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইট করে দেশ সেবার জন্য বারাককে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ‘রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে’ তার ভূমিকার প্রশংসা করেছেন নেতানিয়াহু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24