দুবাই, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার গৃহযুদ্ধ আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তুরস্ক সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তেজনা আরো বাড়াবে বলে জানিয়েছে ইরান।
সীমান্ত থেকে সিরিয়ার ৯০০ কিলোমিটার পর্যন্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গত সপ্তাহে নেটোর সঙ্গে আলোচনার পর তুরস্ক নেটো জোটের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানায়। যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করাই এর লক্ষ্য।
কিন্তু ইরানের পার্লামেন্ট স্পিকার আলি লারিজানির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’ জানিয়েছে, “এই এলাকায় এ ধরণের ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রভাব হবে নেতিবাচক এবং এ পদক্ষেপ আঞ্চলিক সমস্যা বাড়িয়ে তুলবে।”
সিরিয়া, লেবানন ও তুরস্ক সফর শেষে শনিবার বিকালে ওই মন্তব্য করেন লারিজানি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্তও দেশটির আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, “প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন সিরিয়া পরিস্থিতি সমাধানে সহায়ক হবে না। এতে পরিস্থিতি আরো কঠিন ও জটিল আকার ধারণ করবে।”
সিরিয়া বলছে, নেটোর কাছে তুরস্কের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ ‘উষ্কানিমূলক’ এবং এ পদক্ষেপ দেশটিতে সংঘর্ষের ঝুঁকি আরো বাড়িয়ে তুলতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া।
সিরিয়ায় ২০ মাস ধরে চলমান সরকারবিরোধী গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রতিনিয়িত দৃঢ়ভাবে সমর্থন করে আসছে ইরান।
আগামী সপ্তাহের মধ্যে নেটো তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমি থেকে আকাশের দিকে তাক করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেবে বলে শনিবার আশা প্রকাশ করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজ।
এ খবরের প্রতিক্রিয়ায় সিরিয়া পরিস্থিতি নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৮ঘ.
bdnews24