ইসলামাবাদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি কর্তৃপক্ষের কঠোর নজরদারীর মধ্যেই আশুরা উপলক্ষে আয়োজিত শিয়া মিছিলে বোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্ততপক্ষে ৭ জন।
শনিবার উত্তরপশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৭ জন।
শিয়া মিছিলটিকে লক্ষ করে রাস্তায় পুঁতে রাখা ৮ থেকে ১০ কেজি ওজনের একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটাতে টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহার করে হামলাকারীরা।
শিয়াদের আশুরার মিছিলগুলোতে বোমা হামলা বন্ধ করার লক্ষ্যে এর আগে পাকিস্তানের প্রধান প্রধান শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, ৯০ শতাংশ বোমা হামলা মোবাইলের সিম ব্যবহার করে চালানো হয়।
শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচি ও পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার বিশেষ বিশেষ এলাকায় মোবাইল নেটওয়ার্ক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয়।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান জুড়ে সংখ্যালঘু শিয়া মুসলিমদের ওপর কট্টরপন্থী সুন্নি মুসলিমদের হামলা বেড়ে গেছে।
চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে শিয়াদের ওপর চলানো এক ভয়াবহ হামলায় ২৩ জন নিহত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আশুরার দিন আরো কয়েকটি এলাকার মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশুরার দিন পাকিস্তানজুড়ে শিয়াদের মিছিলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, এছাড়া নিরাপত্তার জন্য আকাশপথেও নজরদারী করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির কট্টরপন্থী সুন্নিরা শিয়াদের ওপর আরো হামলা হুমকি দিয়েছে। শিয়াদের মুসলমান হিসেবে স্বীকার করে না তারা।
ইসলামাবাদ, করাচি ও কোয়েটায় শিয়াদের ওপর আরো হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৯ ঘ.
bdnews24