কায়রো, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির জারি করা নতুন ডিক্রিতে মিশরের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জারি করা ডিক্রিতে সাবেক স্বৈরাচারী শাসকের ধারা অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীদলগুলো।
ডিক্রিটির প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে তারা।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার সহযোগীদের বিচার পুনরায় শুরু করতে ডিক্রিটি জারি করেন মুরসি।
ডিক্রিটিতে মুরবারকবিরোধী গণঅভ্যুত্থানের সময় মুবারক প্রশাসনের যে সব কর্মকর্তা সহিংসতার জন্য দায়ী ছিলেন তাদের বিচার পুনরায় শুরু করারও বিধান রাখা হয়েছে।
কিন্তু এতে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ব্যাপক ক্ষমতা দিয়েছেন মুরসি। এতে বলা হয়েছে, নতুন পার্লামেন্টের জন্য অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে প্রেসিডেন্ট মুরসির নেওয়া সিদ্ধান্তে কোনো আইনগত আপত্তি তোলা যাবে না বা আপত্তিমুক্ত থাকবে।
ডিক্রিতে মিশরের নুতন সংবিধান রচনারত ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের নি¤œকক্ষের বিরুদ্ধেও আইনি আপত্তি তোলা যাবে না বলে ঘোষণা করা হয়।
এতে পার্লামেন্টের উচ্চকক্ষের জন্যও একই বিধান ঘোষণা করা হয়। এখানেও মুরসির ঘনিষ্ঠ ইসলামপন্থীদের আধিপত্য আছে।
এ ডিক্রিতে প্রাপ্ত নতুন ক্ষমতাবলে মুরসি মুবারক আমলের প্রধান আইনকর্মকর্তাকে বরখাস্ত করে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।
“বিপ্লব রক্ষার জন্য” ডিক্রিটি জারি করা হয়েছে বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। ঘোষণার পরপরই মুরসির সমর্থকরা ডিক্রিটির প্রশংসা করে। কিন্তু এতে মিশরের উদারপন্থী রাজনৈতিকদলগুলো শঙ্কিত হয়ে পড়ে। তারা এ ডিক্রিকে মুসলিম ব্রাদারহুড ও এর মিত্রদের নতুন মিশরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে।
এতে মুবারকপূর্ববর্তী সময়ের মতো মিশরের রাজনৈতিক বিভেদ আবার তীব্র হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
শীর্ষ উদারপন্থ’ী রাজনীতিবিদ মোহামেদ এলবারাদি তার ট্যুইটার একাউন্টে বলেছেন, “রাষ্ট্রীয় সকল ক্ষমতা কুক্ষিগত করে মুরসি মিশরের নতুন ফারাও হয়ে উঠেছেন।”
এলবারাদি ও আমর মুসার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আইনজীবী পরিষদের প্রধান সামেহ আশুর বলেছেন, “এটি আইনের শাসনের বিরুদ্ধে একটি অভ্যুত্থান।”
তারা মিশরের নাগরিকদের শুক্রবার মিশরের সব নগর কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার আহ্বান জানান।
তবে মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র মাহামুদ ঘোযলান মুরসির এ সিদ্ধান্তকে “বিপ্লবী ও জনপ্রিয়” বলে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24