ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে ইন্দিরা গান্ধী শান্তি ও নিরস্ত্রীকরণ পুরস্কার দিয়েছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের পক্ষে যিনি ছিলেন সোচ্চার।
ব্রাজিলে দারিদ্য্র দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসার, উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার শক্তিশালী বন্ধনের পক্ষে কথা বলা এবং ভারত-ব্রাজিল সহযোগিতার সম্পর্কে অসামান্য অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর উপস্থিতিতে লুলার হাতে পুরস্কার তুলে দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এ সময় লুলা বলেন, এ পুরস্কার তার নয় বরং তা ব্রাজিলের জনগণের।
ওদিকে, লুলার অবদানের কথা তুলে ধরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রণব বলেন, “ব্রাজিলের ২ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করায় লুলা অবদান রেখেছেন। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর ব্লক আইবিএসএ (ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) কে একটি শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২১২০ঘ.
bdnews24