২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোহামেদ মাহমুদ’ ঘটনার বর্ষপূর্তিতে কায়রোয় সংঘর্ষ

গত বছর মিশরের অর্ন্তর্বতীকালীন সামরিক সরকারের সময় কায়রোর মোহামেদ মাহমুদ সড়কে সংঘটিত সংঘর্ষের বর্ষপূর্তিতে কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর মিশরের অর্ন্তর্বতীকালীন সামরিক সরকারের সময় কায়রোর মোহামেদ মাহমুদ সড়কে সংঘটিত সংঘর্ষের বর্ষপূর্তিতে কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন । সোমবার ছিল ‘মোহামেদ মাহমুদ ঘটনা’র প্রথম বর্ষপূর্তি। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের ক্ষমতা ছাড়ার পর মিশরের ক্ষমতা দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদের (এসসিএএফ) হাতে চলে যায়। বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ছাড়ার দাবিতে কিছু প্রতিবাদকারী ১৯ নভেম্বর সকাল থেকে কায়রোর মুবারক বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে (স্বাধীনতা চত্ত্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। এদের অনেকেরই আত্মীয়-স্বজন মুবারকবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছিল। ২০ নভেম্বর প্রতিবাদকারীদের হটাতে নিরাপত্তাবাহিনী অভিযান চালায়। এতে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ শুরু হয় যা পরবর্তী ছয়দিন ধরে চলে। এতে অন্তত ৪৭ জন নিহত হয়। ঘটনাটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনের রাস্তা মোহামেদ মাহমুদ স্ট্রিটের নামে ‘মোহামেদ মাহমুদ ঘটনা’ হিসেবে পরিচিতি পায়। এই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার থেকে কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কিছু প্রতিবাদকারী। গত বছর ওই ঘটনার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনের রাস্তাটি কংক্রিটের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীরা ওই কংক্রিট ব্যারিকেড সরিয়ে মোহামেদ মাহমুদ স্ট্রিটে প্রবেশের চেষ্টাকালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ পরদিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ করে পাথর ও পেট্রল বোমা ছুঁড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও ছড়ড়া গুলি ছোঁড়ে। হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। সংঘর্ষে মারাত্মক আহত এক বিক্ষোভকারীকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪০ ঘ.