ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত স্বামী পুনরায় জীবিত হয়ে উঠবে বিশ্বাস করে তার লাশ তিন বছর ধরে পলিথিনের ব্যাগে ভরে রেখেছিলেন এক স্কুলশিক্ষিকা।
লাশটি উদ্ধারের পরপরই এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়, তবে পরবর্তী অনুসন্ধানে বেরিয়ে আসে এই কাহিনী।
মধ্য রাশিয়ার ইয়ারোস্লাভা এলাকায় সিমিব্রাতোভা গ্রামের একটি বাড়ি থেকে মস্তকহীন লাশটি উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানায় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
মৃত ব্যক্তিটি একজন খ্রিস্টান ধর্মযাজক, রোগে ভুগে মৃত্যু হয় তার। বাইবেলের কোনো এক কিংবদন্তীর মতো তিনি পুনরায় জীবিত হয়ে ফিরে আসবেন ভেবে বাড়ির একটি ঘরে পলিথিনের ব্যাগে ভরে স্বামীর মস্তকহীন লাশ সংরক্ষণ করেন খ্রিস্টান ধর্মের আরেক গোত্রভুক্ত স্ত্রী।
গত জুলাই মাসে তাদের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করার সময় এর একটি হাত পাওয়া যায়নি। তবে দ্রুত কাছাকাছি একটি আবর্জনার স্তূপ থেকে তা উদ্ধার করা হয়।
প্রায় সমাজবিচ্ছিন্ন এ পরিবারটির কর্তা মারা যান ২০০৯ সালে। এরপর পাঁচ সন্তানকে লালন-পালন করে আসছিলেন শিশুদের স্কুলের শিক্ষিকা মা নিজেই।
নিজেদের ফ্ল্যাটের ঘরে রেখে দেয়া বাবার লাশের সঙ্গে কথা বলা ও তাকে ‘পথ্য’ খাওয়াতে হতো ছেলেমেয়েদের। প্রতিদিনই বাবা তাদের সঙ্গে কথা বলেছে, এমনটাই মাকে গিয়ে বলতে হতো তাদের।
তবে ‘সময়ের আগে দেখা করলে’ স্বামী ‘ফিরে না-ও আসতে পারে’ এ ভয় থেকে মা নিজে কখনোই সে ঘরে প্রবেশ করতেন না।
তাদের বাবা অত্যন্ত অসুস্থ, তাই কারো সঙ্গে দেখা করেন না বলে প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের জানিয়েছিলো পরিবারটি। লাশের পঁচা গন্ধ লুকাতে বাড়িতে এয়ার ফ্রেশনার ব্যবহার করতো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৩ ঘ.
bdnews24