গাজা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলার মুখে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বড়ছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে অন্যান্য দেশের নেতারও গাজায় অবিলম্বে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধবিরতির চেষ্টা জোরদার করছেন।
ইসরায়েল সোমবার হামাস শাসিত গাজায় কয়েক ডজন বোমা হামলা চালিয়েছে। ফিলিস্তিনিরাও চালিয়ে যাচ্ছে পাল্টা রকেট হামলা।
ইসরায়েলের বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নাগরিক এবং ৪ যোদ্ধা নিহত হয়েছে। এতে করে গত বুধবার থেকে শুরু হওয়া হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। অন্যদিকে, এ কয়দিনে ইসরায়েলি নিহত হয়েছে তিনজন।
পুলিশ জানায়, রোববার রাতভর কিছুটা শান্তবস্থার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজা থেকে ১০ মিনিটে নিক্ষিপ্ত হয়েছে ১২ টি রকেট। এতে কেউ হতাহত হয়নি।
এর আগে পাল্টা ইসরায়েলি বিমান হামলায় রোববার আবাসিক একটি ভবনে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনার পরই গাজায় ছয়দিনব্যাপী লড়াই বন্ধের ডাক দিয়েছে বিশ্বের দেশগুলো।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ব্রাসেলসে এক বৈঠকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী গিউলিও তেরজি গাজায় লড়াই বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর মতো পরিস্থিতি বিরাজমান বলেই আমি মনে করি।”
চীনও গাজা-ইসরায়েল লড়াই অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, দুপক্ষে পাল্টাপাল্টি হামলা কেবল উত্তেজনায় বাড়তি মাত্রাই যোগ করবে।
ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির জন্য মিশরের চেষ্টা বেগবান করতে কায়রো যাচ্ছেন বান। ইসরায়েলের একটি প্রতিনিধিদলও যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো গেছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম।
যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা গাজায় স্থল হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ইসরায়েলকে।
ইসরায়েল বরাবরই গাজা অভিযানের মাত্রা আরো বাড়িয়ে বিমান হামলা থেকে স্থল হামলা শুরুর ইঙ্গিত দিয়ে আসছে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরো বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৯ঘ.
bdnews24