নয়া দিল্লি প্রতিনিধি
নয়া দিল্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে করা স্থল সীমান্ত চুক্তি পার্লামেন্টে অনুমোদন করানোর জন্য সংবিধান সংশোধনের পরিকল্পনা করেছে ভারত সরকার।
নয়া দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের আস্থা অর্জনের জন্য দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আগামী এক মাসের মধ্যে সমাধান করতে চায় সরকার, যার মধ্যে রয়েছে স্থল সীমান্ত চুক্তিটি কার্যকর করা।
১৯৭৪ সালে সাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সই হওয়া এই সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি।
আগামী ২২ নভেম্বর ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হবে।
এই অধিবেশনেই বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল অনুসমর্থনের জন্য সংবিধান সংশোধনের বিল পার্লামেন্টে তোলা হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান।
গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি রূপরেখা ছাড়াও স্থলসীমা নিয়ে একটি প্রটোকল এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।
সংবিধান সংশোধনীর এই প্রস্তাব পাশ করানোর জন্য ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার যদিও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তা নেই।
এছাড়া প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) এই বিলের বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। ছিটমহল বিনিময়সহ গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রটোকলের বিরোধিতাকারী আসামের আঞ্চলিক দল আসাম গণ পরিষদের সঙ্গে জোট বাধায় বিজেপির বিরোধিতার সম্ভাবনা আরো প্রবল হয়েছে।
এছাড়া তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে মতৈক্য তৈরিতেও প্রচেষ্টা চলছে বলে জানান ওই ভারতীয় কর্মকর্তারা।
গত বছর মনমোহন সিংয়ের ওই সফরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে তা বাতিল হয়।
তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন ইউপিএ জোট সরকারের শরিক থাকলেও পরবর্তীতে সরকার থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১১১৩ ঘ.
bdnews24