লস অ্যাঞ্জেলেস, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচককের সবচেয়ে পুরনো চলচ্চিত্রটি ইন্টারনেটে মুক্তি দেয়া হয়েছে। ওই চলচ্চিত্রটিতে তিনি একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
১৯২৪ সালে নির্মিত ‘দি হোয়াইট শ্যাডো’ চলচ্চিত্রটিতে হিচকক যখন কাজ করেন তখন তার বয়স ছিল ২৪। চলচ্চিত্রটির টাইটেলে হিচকককে কাহিনীকার, শিল্প নির্দেশক ও সম্পাদক হিসেবেও পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফিল্ম প্রিজারভেশন ফাউন্ডেশনের ওয়েবসাইটে আগামী দুই মাস এ চলচ্চিত্রটি বিনামূল্যে দেখা যাবে জানানো হয়েছে এ সংগঠনের এক বিবৃতিতে।
যুক্তরাজ্যের চলচ্চিত্রকার গ্রাহাম কাটস পরিচালিত এ নির্বাক চলচ্চিত্রটিতে যমজ দুই বোনের গল্প বলা হয়েছে। যমজ বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন বেটি কম্পসন।
বিবৃতিতে আরো জানানো হয়, গতবছর নিউজিল্যান্ড ফিল্ম আর্কাইভে ক্ষয়িষ্ণু নাইট্রেট রিলে এ চলচ্চিত্রটির তিনটি কপি খুঁজে পাওয়া যায়। এ তিনটি ছাড়া এটির আর কোনো কপি পাওয়া যায়নি এখনো।
অনলাইনে চলচ্চিত্র বিষয়ক সেবাদানকারী সংস্থা ফ্যানডোর’র আর্থিক সহায়তা ও তাদের দেয়া ব্যান্ডউইথের সাহায্যে ইন্টারনেটে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
‘দি হোয়াইট শ্যাডো’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছিলেন পরবর্তীতে তার স্ত্রী আলমা রেভিল। হিচকক ও রেভিলের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘হিচকক’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ নভেম্বর।
এছাড়া আগামী মাসে তার নির্বাক চলচ্চিত্র ‘দি মাউন্টেন ঈগল’র কিছু স্থিরচিত্র নিলামে উঠছে লস অ্যাঞ্জেলেস-এ। এ চলচ্চিত্রটি পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪৪ ঘ.
bdnews24