গাজা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় গাজায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি হামলার জবাবে বৃহস্পতিবার কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি গ্রুপ হামাস, যারা গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করেও হামাস দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।
হামলার পর সাইরেনের শব্দে তেল আবিবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও একটি রকেটও লক্ষ্যে না পৌঁছায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।এর একটি পড়েছে নদীতে।
প্রায় ৫০ কিলোমিটার দূরের তেল আবিব লক্ষ্য করে বিকালে রকেট হামলার আগে সকালে গাজার ইসরায়েলি অংশে এক দফা রকেট হামলা চালায় হামাস।
এতে তিনজন নিহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান।
গত দুই দিন গাজার বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় হামাসের সামরিক শাখার প্রধানসহ ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়।
গাজাজুড়ে যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ছে ইসরায়েল, কেঁপে উঠছে শহরের উঁচু ভবনগুলো। রকেটের ধোঁয়ায় ছেয়ে গেছে গাজার আকাশ।
এরপরই হামলার জবাব দিতে থাকে হামাস। পাল্টাপাল্টি এই হামলায় দুই পক্ষে হতাহতের সংখ্যা বৃদ্ধিতে যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
গাজা উত্তরাংশে হামাসের রকেট হামলায় দুই নারীসহ ৩ ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরো তিনজন। অন্যদিকে, ইসরায়েলের সামরিক অভিযানে যে ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, তার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
হামাসের রাজনৈতিক শাখার নেতা খালেদ মেশাল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গাজায় সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চেয়েছে প্রতিবেশী দেশ মিসর। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, “ইসরায়েলের অবশ্যই বোঝা উচিত এ আগ্রাসন গ্রহণযোগ্য নয়। আর এর ফলে শুধু এই অঞ্চলে অস্থিতিশীলতাই তৈরি হবে, যা ব্যাপকভাবে অঞ্চলটির নিরাপত্তা ব্যহত করবে।”
তবে আরব বসন্তের ফলে গঠিত মিসরের নতুন নেতৃত্ব এই যুদ্ধে জড়াবে কি না, এমন আভাস পাওয়া যায়নি।
তবে হামাস মনে করে, প্রয়োজনে মিসরের ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড সরকার তাদের পাশে দাঁড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকি/এমআই/০০১৫ ঘ.
bdnews24