২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় মানবাধিকার উন্নয়নের আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার ক্যাম্বোডিয়া সফরকালে প্রধানমন্ত্রী হুন সেনকে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নম পেন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার ক্যাম্বোডিয়া সফরকালে প্রধানমন্ত্রী হুন সেনকে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন । দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং রাজবন্দিদের মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। ক্যাম্বোডিয়ার মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সেনকে সতর্ক করেছেন ওবামা। ১৯৯৭ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্যাম্বোডিয়ার ক্ষমতায় আসেন হুন সেন। তিনি সরকারের সামান্য বিরোধিতাও সমর্থন করেন না। তবে দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন তিনি। গত সপ্তাহে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ওবামাকে দেশটিতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিল। সোমবার মিয়ানমার সফর শেষে ক্যাম্বোডিয়া যাওয়ার পর ওবামা দেশটিতে উদ্বেগপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরেন বলে জানিয়েছেন তার জাতীয় এক উপ নিরাপত্তা উপদেষ্টা। তিনি জানান, ওবামা বিশেষ করে ক্যাম্বোডিয়ার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে এগুনো এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, রাজবন্দিদের মুক্তি দেয়াসহ বিরোধীদলগুলোকে কাজ করার সুযোগ করে দেয়ার কথা। তবে ওবামা সর্বোপরি জোর দিয়েছেন ক্যাম্বোডিয়ার মানবাধিকার রেকর্ড উন্নয়নের ওপর। এ বিষয়ে হুন সেনকে আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন তিনি। আর এর জবাবে হুন সেন বলেছেন, মানবাধিকার নিয়ে বিশ্বে উদ্বেগ অনেক বেড়ে গেছে। তবে ক্যাম্বোডিয়ায় বিশ্বের অনেক দেশের চেয়েই মানবাধিকার রেকর্ড ভাল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ঘ.