শারলোট, নর্থ ক্যারোলাইনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পদত্যাগকারী পরিচালক ডেভিড পেত্রাউসের সাবেক প্রেমিকা পলা ব্রডওয়েলের নর্থ ক্যারোলাইনার শারলোটে অবস্থিত বাড়ি তল্লাশি করেছে এফবিআই।
শুক্রবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে সিআইএ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন পেত্রাউস।
শারলোট থেকে এফবিআই’র মুখপাত্র শেলি লিন্চ জানান, “সোমবার সকালে শারলোটের ওই বাড়িতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় এফবিআই’র গোয়েন্দারা। তবে এসময় পলা ব্রডওয়েল বা তার পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্ক বিষয়ক তদন্ত প্রায় শেষ, কিন্তু বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় আইনজীবীরা।
পেত্রাউসের জীবনীলেখক পলা ব্রডওয়েল পেত্রাউসের বন্ধু জিল কেলিকে ইমেইলে হয়রানি করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে পেত্রাউসের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই।
ব্রডওয়েলের বিরুদ্ধে এফবিআই’র কাছে কেলি নিজেই অভিযোগটি করেছিলেন। ব্রডওয়েলের সঙ্গে পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও তিনি এফবিআইকে জানান। এরপরই পেত্রাউসের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই।
তবে পেত্রাউসের ঘনিষ্ঠজনরা দাবী করেছেন, কেলি পেত্রাউসের পারিবারিক বন্ধু, তার সঙ্গে পেত্রাউসের কোনো রোমান্টিক সম্পর্ক নেই।
ব্রডওয়েল কেন কেলিকে হুমকী দিয়ে ইমেইল পাঠিয়েছিল তা এখনও পরিস্কার নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এফবিআই’র এক তদন্ত কর্মকর্তা, তবে পেত্রাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কেলিকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে ব্রডওয়েল এ কাজ করতে পারে বলে মনে করেন তিনি।
ইমেইলে পেত্রাউস রাষ্ট্রিয় কোনো গোপন তথ্য ফাঁস করেছেন কি না তা নিশ্চিত হতে ইতিমধ্যে পলা ব্রডওয়েলসহ সংশ্লিষ্ট অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩১৪ ঘ.
bdnews24