দোহা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ও দেশের নিয়ন্ত্রণ নিতে বিশ্বের সমর্থন ও স্বীকৃতি চায় নতুন বিরোধী জোট।
পশ্চিমা বিশ্ব, কাতার ও তুরস্ক এরই মধ্যে সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর এ ঐক্য জোটকে স্বাগত জানিয়েছে।
রোববার দোহায় নতুন এ জোট গঠিত হয়। আসাদ বিরোধী এ জোটের প্রেসিডেন্ট নির্বাচিত হন দামেস্কের উমায়াদ মসজিদের সাবেক ইমাম মোয়াজ আল-খতিব।
এর পরপরই জোটের জন্য আরব লিগের সমর্থন আদায়ের লক্ষ্যে কায়রো যান খতিব। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথমে আরব লিগের সমর্থন নিয়ে স্বীকৃতি আদায়ের পদক্ষেপ শুরু হবে।”
এরপর ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গ্রুপের আরব ও পশ্চিমা দেশগুলোসহ জাতিসংঘের সাধারণ পরিষদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালাবে বিরোধী জোট।
সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জাতিসংঘ প্রচেষ্টায় বাধা দানকারী রাশিয়া ও চীন আসাদ বিরোধীদেরকে পশ্চিমা দেশগুলোর ক্রীড়নক হিসাবেই দেখে।
আর তাই এ দেশদুটি সিরিয়ার নতুন বিরোধী জোটকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এবং সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে বাইরের হস্তক্ষেপ পরিহার করার পরামর্শ দিয়েছে।
চীন নতুন জোটকে স্বীকৃতি দিয়েছে কি না এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই সিরিয়ার জনগণের দিক নির্দেশনায় একটি রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে সব পক্ষকে আহ্বান জানান।
মিশর, সৌদি আরব এবং আরব লিগের বেশির ভাগ দেশই আসাদের পতন চায়। তবে ইরাক, লেবানন এবং আলজেরিয়া সিরিয়ার ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪১ঘ.
bdnews24