কলম্বো, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওয়েলিকাদা কারাগারে বিদ্রোহী কারাবন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ৫৯ জন।
শ্রীলঙ্কা পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় গোলাগুলি চলার পর রাত ২টার দিকে সেনাবাহিনী কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এ সময় বিদ্রোহীদের হাতে পণবন্দী কয়েকজন কারাকর্মীকেও মুক্ত করেন সেনা সদস্যরা।
শ্রীলঙ্কার কারামন্ত্রী চন্দ্রসিরি গজাদেয়রা শনিবার পার্লামেন্টকে জানান, কারাগারে সংঘর্ষে এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র প্রিশান্থা জয়াকোডি বলেন, কারাগারের ভেতর থেকে মাদক ও অবৈধভাবে নেওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী (এসটিএফ) তল্লাশি শুরু করলে বন্দিরা পুলিশের ওপর হামলা চালায়। এর পরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কারাগারের ছাদের ওপর সশস্ত্র কারাবন্দিদের জড়ো হতে দেখা যায়। এ সময় তাদের লক্ষ করে গুলি চালায় পুলিশ।
কারা কমিশনার পি ডব্লিউ কোদিপ্পিলি জানান, বন্দিরা কারাগারের অস্ত্রাগার ভেঙে মেশিনগানসহ বিভিন্ন অস্ত্র লুট করে।
“লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে কারাগারের ভেতরে এখনো তল্লাশি চালানো হচ্ছে। পালিয়ে যাওয়া কয়েদীদের ধরার জন্যও অভিযান চলছে,” বলেন তিনি।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার রুয়ানা ওয়ানিগাসুরিয়া জানান, তল্লাশি অভিযানে কারাগারের ভেতরে ছয়টি লাশের পাশে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া যায়।
সংঘর্ষে মারাত্মক আহত এসটিএফর প্রধান কর্মকর্তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কলম্বো জাতীয় হাসপাতালের পরিচালক অনিল জাসিংঘে।
হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “আমাদের এখানে ৫৯ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে, এদের মধ্যে ৫১ জনকে ভর্তি করা হয়েছে।”
ওয়েলিকাদা কারাগারে ৪ হাজারেরও বেশি বন্দি রয়েছে। এদের মধ্যে সাবেক তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন অব তামিল ইলমের (এলটিটিই) আটক সদস্যরাও আছেন।
তবে কারা বিদ্রোহের ঘটনায় সাবেক তামিল বিদ্রোহীরা জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।
সংঘর্ষ চলাকালে কতোজন বন্দি কারাগার থেকে পালিয়েছে- তা নিশ্চিত করে বলতে পারেননি কারা কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কোদিপ্পিলি।
এর আগে গত জানুয়ারিতে এই কারাগারের বন্দি ও কারারক্ষীদের সংঘর্ষে ২৯ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২৩১ ঘ.
bdnews24