ওয়াশিংটন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভিডিও গেম তৈরিতে সহায়তা করতে গোপন সেনা নথি ফাঁসের দায়ে ওসামা বিন লাদেন হত্যা অভিযানের এক সদস্যসহ যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ‘ইউএস নেভি সিল’ দলের সাত সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কর্মকর্তাদের সূত্রে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।
শাস্তিপ্রাপ্তরা সবাই নেভিসিলের ‘টিম -৬’ এর সদস্য বলে জানিয়েছে সিবিএস। এরা সবাই গেল বসন্ত ও গ্রীষ্মে অর্থের বিনিময়ে ওই ভিডিও গেম তৈরিতে সহায়তা করতে দুইদিন কাজ করেন।
সিবিএস নিউজ জানায়, ‘মেডেল অব অনার : ওয়ারফাইটার্স’ ভিডিওটি গেম তৈরিতে উপদেষ্টা হিসেবে দুই দিন কাজ করার সময় অনেক গোপন তথ্য প্রকাশ করে ফেলে তারা।
এ ভিডিও গেমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘টিম- ৬’ এর অন্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজন প্রতিরক্ষা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌবাহিনীর কর্মকর্তা জানান, ভিডিও গেমটির নির্মাণের সঙ্গে জড়িত থাকার দায়ে দুইজন জ্যেষ্ঠ বিশেষ অভিযান সদস্য ও পাঁচজন বিশেষ অভিযান সদস্যের বিরুদ্ধে বুধবার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘মেডেল অব অনার : ওয়ারফাইটার্স’ গেমটি তৈরিতে বিশেষ অভিযানের সদস্যরা সাহায্য করায় এটি বাস্তবের খুব কাছাকাছি বলে বিজ্ঞাপনে প্রচার করে নির্মাণকারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্ট ইনকর্পোরেট।
নৌবাহিনীর বিশেষ যুদ্ধসম্পর্কিত কমান্ডের (সিল) উপপ্রধান গ্যারি বোনেলি বলেন, “প্রশাসনিক শাস্তির সিদ্ধান্তটি- যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত হিসেবে নীতি থেকে বিচ্যুত হওয়াকে কোনোভাবেই সহ্য করা হয় না - পুরো নিরাপত্তা বাহিনীতেই এ বার্তাটি পৌঁছে দেবে।”
এর আগে লাদেন হত্যা অভিযান দলের আরেক সদস্য ম্যাট বিসোনেটের লাদেন হত্যা অভিযানের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বইয়ের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলো পেন্টাগন। মার্ক ওয়েন ছদ্মনামে ‘নো ইজি ডে’ নামের ওই বইতেও গোপন তথ্য ফাঁস করার দাবি করেছে পেন্টাগন।
তবে পেন্টগণের ওই দাবি প্রত্যাখ্যান করেছে ম্যাট বিসোনেট। বিসোনেটের আইনজীবী দাবী করেছেন, বইটিতে কোনো গোপন তথ্য যেন প্রকাশ না পায় সে বিষয়ে খুব সতর্ক ছিলেন বিসোনেট, এভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩৪৭ ঘ.
bdnews24