দোহা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহযুদ্ধ অবসানে সিরিয়া ছেড়ে যাওয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরামর্শ নাকচ করে ‘সিরিয়াতেই মরবেন’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের একটি উপায় হিসাবে এ সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রেসিডেন্ট আসাদকে নিরাপদে সিরিয়া থেকে প্রস্থান করা এবং অন্য দেশে নির্বাসিত জীবনযাপনের পরামর্শ দিয়েছিলেন।
তার এ বক্তব্যেরই প্রতিক্রিয়ায় ‘রাশিয়া টুডে’ (আরটি) টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, তিনি সিরিয়াতেই থাকবেন এবং সেখানেই মরবেন।
তিনি আরো বলেন, “আমি পুতুল নই। পশ্চিমা বা অন্য কোন দেশে পালিয়ে যাওয়ার জন্য পশ্চিমা বিশ্ব আমাকে তৈরি করেনি। আমি সিরিয়ার নাগরিক, সিরিয়ায় আমার জন্ম। আমি সিরিয়াতেই বাঁচব, সিরিয়াতেই মরব।”
এছাড়া, তাকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যসহ অন্যান্য রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি করেছেন আসাদ।
তিনি বলেছেন, “সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের পরিণতি পুরো বিশ্বও বহন করতে পারবে না। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সর্বত্রই এর ছাপ পড়বে।”
তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি না পশ্চিমা বিশ্ব সে পথেই এগুচ্ছে, কিন্তু তারা যদি তাই করে, কেউ জানে না এরপর কী হবে।”
রাশিয়া টুডে’র ওয়েব সাইটে আরবী ভাষায় তার এ সমস্ত মন্তব্য প্রকাশ করা হয়েছে। কিন্তু কবে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন তা জানা যায়নি।
টেলিভিশনটির এডিটর-ইন-চিফ এর টুইট এ বলা হয়েছে, সাক্ষাৎকার গ্রহণকারীকে আসাদ বলেছেন, “আমি গাদ্দাফির চেয়ে কঠোর।” সাক্ষাৎকারটি শুক্রবার ‘আরটি’ টিভিতে স¤প্রচার হওয়ার কথা রয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.
bdnews24