২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিচ্ছেন হিলারি

প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেও তার সরকারে আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকছেন না হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেও তার সরকারে আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকছেন না হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার ট্রিবিউন এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। হিলারির অবসরে যাওয়ার বিষয়ে বুধবার ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “আমি মনে করি না যে, সেক্রেটারি তার মত পাল্টেছেন।” “আপনারা অনেকবার তাকে বলতে শুনেছেন যে, তিনি উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চান এবং তারপর ব্যক্তিগত জীবনে ফিরে যেতে চান, অবসর যাপন, বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা ও লেখালেখি করতে চান।” এর আগে হিলারি ক্লিনটন বলেছিলেন, জানুয়ারিতে চার বছরের মেয়াদ শেষ হলে তার অবসরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। তাতে অবশ্য আগামী বছরের প্রথম দিকেই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব থেকে তার বিদায় ঘটবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে মঙ্গলবার নিউ ইয়র্কে নিজের বাসায় ফেরেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। তার পরদিনই হিলারির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন নুল্যান্ড। হিলারির বিদায়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কে আসতে পারেন তা নিয়েও আলোচনা চলছে। এ দৌড়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইসের নাম বেশ আগে থেকেই শোনা যাচ্ছে। কিন্তু সম্প্রতি লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনস নিহত হওয়ার পর তার ভাবমূর্তি খানিকটা ক্ষুন্ন হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। নতুন পররাষ্ট্রমন্ত্রীর হওয়ার ক্ষেত্রে সিনেটর জন কেরির নামও শোনা যাচ্ছে। এক সময় ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড়ে থাকা কেরি বর্তমানে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। অবশ্য নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট ওবামার ওপর। জানুয়ারিতে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন মন্ত্রিসভা গঠন করবে। তখনই ঠিক হবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পদে কে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬৩৮ ঘ.