২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ নভেম্বর মিয়ানমার যাচ্ছেন ওবামা

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ১৯ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ১৯ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন বারাক ওবামা। বৃহস্পতিবার মিয়ানমারের এক জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমি যতদূর জানি, প্রেসিডেন্ট ওবামা ১৯ নভেম্বর মিয়ানমারে আসছেন। সফরকালে তিনি প্রেসিডেন্ট থিয়েন সেইন ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন।” তবে যুক্তরাষ্ট্র সরকার বা মিয়ানমারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সফরের এ তারিখটি এখনো নিশ্চিত করা হয়নি। ওবামার এ সফর হবে যুক্তরাষ্ট্রে দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। মিয়ানমারের আধা-বেসামরিক সরকারের প্রেসিডেন্ট থিয়েন সেইন এ বছর দেশে বেশকিছু পরিবর্তন নিয়ে আসাসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বেশকিছু মার্কিন প্রতিষ্ঠান সুলভ শ্রমশক্তির এ দেশটিতে কার্যক্রম শুরুর আগ্রহও দেখিয়েছে। ২০১১ সালের নভেম্বরে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিয়ানমার সফর করেন হিলারি ক্লিনটন। এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি এ অঞ্চলে মার্কিন প্রভাব বড়ানোর চেষ্টা করছেন ওবামা। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের পর এশিয়ার দেশগুলোর জন্য নীতি পরিবর্তনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ওবামা প্রশাসনের কর্মকর্তারা। মানবাধিকার পরিস্থিতির করুণ দশার কারণে বাণিজ্যিক নিষেধাজ্ঞায় কয়েক দশকে চীনের মিত্রদেশে পরিণত হয় মিয়ানমার। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে দেশটি। এ বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করেন বিরোধীদলের নেত্রী সু চি। প্রায় একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র গেলে ওবামার সঙ্গে বৈঠক করেন থিয়েন সেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬০২ঘ.