২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে আশা জাগিয়ে আবারো ওবামা

যুক্তরাষ্ট্রের অর্থনীতির নাজুক অবস্থা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে পুরোটা সময়ই যে আক্রমণাত্মক নির্বাচনী প্রচার চালিয়ে এসেছিলেন প্রতিদ্বন্দ্বী মিট রমনি সে অর্থনীতিই আবারো ক্ষমতায় ফেরালো ওবামাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অর্থনীতির নাজুক অবস্থা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে পুরোটা সময়ই যে আক্রমণাত্মক নির্বাচনী প্রচার চালিয়ে এসেছিলেন প্রতিদ্বন্দ্বী মিট রমনি সে অর্থনীতিই আবারো ক্ষমতায় ফেরালো ওবামাকে। দেশের অর্থনীতি নিয়ে জনগণ ক্রমেই আশাবাদী হয়ে উঠতে থাকায় তারা আবার রায় দিয়েছে ওবামার পক্ষে। যুক্তরাষ্ট্রে কয়েক বছরের নাজুক অর্থনৈতিক পরিস্থিতির পর এখন অনেক নাগরিকেরই বিশ্বাস, দেশের অর্থনীতির জন্য সামনে সুদিন আসছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের এই ইতিবাচক মনোভাব ওবামার জয়ে ভূমিকা রেখেছে। আর এর সঙ্গে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি তাকে চূড়ান্ত বিজয় এনে দিয়েছে; বিশেষত তরুণ, নারী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি বড় অঙ্কের ভোট পেয়ে জিতে গেছেন ওবামা। ঠিক যেমনটি হয়েছিল ৪ বছর আগে ওবামা প্রথমবার ক্ষমতায় আসার সময়। প্রাথমিক বুথ ফেরত জরিপগুলোতে দেখা গেছে, ওবামার পক্ষে সংখ্যালঘু জনগোষ্ঠী এবং নারী ভোট এত বেশি পড়েছে যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে এ সংখ্যা ২০০৮ সালের ভোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। পেনসিলভানিয়ায় ওবামার পক্ষে আফ্রিকান-আমেরিকান ভোট ৪ বছর আগের ভোটসংখ্যা ছাড়িয়েছে। নেভাদায় ওবামার পক্ষে পড়েছে ১৮ শতাংশ ল্যাতিনো ভোট। ২০০৮ সালে যা ছিল ১৫ শতাংশ। নির্বাচনের আগে ল্যাতিনো ভোটের এমন বড় ধরনের প্রভাবের পূর্বাভাস আগেই দিয়েছিলেন বিশ্লেষকরা। কিন্তু ওবামা দেশের অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারেননি এমন অভিযোগের কারণে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল অনেকেরই। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো গভীর মন্দা থেকে বের হয়ে আসতে পারেনি। যদিও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন সিড্স এর মতে, অর্থনীতি কখনোই ব্যাপক ধসের পথে যায়নি। নির্বাচনের শেষ সময়ে এসেও যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের প্রতিবেদনে দেখা গেছে, দেশে কর্মসংস্থান একলাফে অনেকখানি বেড়ে যাওয়ার পরিসংখ্যান এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে উন্নয়নের ধারা। তবুও নির্বাচনী দৌড়ে ওবামা অর্থনীতির কারণেই হেরে যেতে পারেন বলেই ধরা হচ্ছিল। কারণ, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হলেও এর সঙ্গে পাল্লা দিয়ে বেকারত্ব বেড়ে যাওয়ার পরিসংখ্যানটাও রমনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে এসেছেন বরাবরই। কিন্তু ভোটাররা অর্থনীতিতে উন্নয়নের ধারাকেই শেষ পর্যন্ত অব্যাহত রাখার পক্ষে রায় দিয়েছে। ওবামার শাসনক্ষমতার ৪ বছরে অর্থনীতি দ্রুতগতিতে সামনে না এগোলেও বছর জুড়েই উন্নতি হয়েছে ক্রমান্বয়ে। তাছাড়া, ভোটারদের একটি বড় অংশ অর্থনৈতিক মন্দার জন্য পূর্বসূরী রিপবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে দায়ী করায় ওবামা এক্ষেত্রে কিছুটা রেহাই পেয়েছেন। বুথ ফেরত জরিপগুলোতে দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ মার্কিন নাগরিক এখনো দেশের অর্থনৈতিক সমস্যার জন্য বুশকে দায়ী করে। এ বিষয়টি ছাড়াও ওবামা নির্বাচনী প্রচারে জনগণের সামনে এ বার্তাই দিয়ে এসেছেন যে, রমনি ক্ষমতায় গেলে বুশ আমলের অর্থনীতি বিধ্বংসী নীতিই আবার ফিরে আসবে। বিশ্লেষকরা বলছেন, গত ছয় মাসে অর্থনৈতিক খাতে বেশ কিছু উন্নয়নই ওবামাকে জয়ের পথে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, হাউজিং মার্কেটে স্থিতিশীলতা, অর্থনীতিতে ভোক্তাদের আস্থা বেড়ে যাওয়ার মত বিষয়গুলো। ফলে নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে রয়টার্স/আইপিসোস পরিচালিত জরিপে ভোটারদের ভাবনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ার কথা বিবেচনায় নেয়ার বিষয়টিই প্রতিফলিত হয়েছে। ২০১১ সালের অক্টোবরে যেখানে এক চতুর্থাশ ভোটারের ধারণা ছিল দেশ সঠিক পথে চলছে সেখানে নির্বাচনের আগের এক সপ্তাহে এ সংখ্যা দাঁড়ায় ৪৫ শতাংশে। ওবামার বিরুদ্ধে রমনির প্রচারাভিযানের মূলমন্ত্রই ছিল অর্থনীতি। এছাড়া আর কোনো বিকল্প তার ছিল না। কিন্তু শেষ ছয়মাসে একেবারে মোক্ষম সময়ে এসে ওবামা অর্থনীতিতে উন্নয়নের ধারা দেখিয়ে দিয়েছেন জনগণকে। আর এর ওপর ভর করেই তার আবারো ক্ষমতায় ফেরা। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি এখনো তার জন্য চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখনো অনেক বেশি ৭ দশমিক ২ শতাংশ। ১৯৩৬ সালে ফ্যাঙ্কলিন রুজভেল্টের পর কোনো প্রেসিডেন্টই এত বেশি বেকারত্বের হার নিয়ে পুননির্বাচিত হননি। অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসতে তাই এখনো অনেক কাজ করতে হবে ওবামাকে। সৃষ্টি করতে হবে আরো লাখ লাখ কর্মসংস্থান। তা তিনি কিভাবে করেন সেটিই এখন দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এলকিউ/১৮১৭ঘ.