২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার মেনে ওবামাকে অভিনন্দন রমনির

যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে মিট রমনি বলেছেন, কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথই দেখাবেন বলে তিনি বিশ্বাস করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 06:23 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিবন্দন জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী অ্যান ও রানিং মেট পল রায়ানকে সঙ্গে নিয়ে বোস্টনে নিজের নির্বাচনী দপ্তরে উপস্থিত হন রমনি। আবেগ আপ্লুত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি এই মাত্র প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি। পরাজয় স্বীকার করে নিলেও রমনিকে এ সময় শান্ত ও ধীর স্থির দেখাচ্ছিল। তিনি বলেন, কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথেই নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তিনি। রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানকে ধন্যবাদ জানিয়ে রমনি বলেন, স্ত্রীর পর রায়ানই হচ্ছেন তার বেছে নেয়া সবচেয়ে ‘সঠিক ব্যক্তি’। “অ্যানও দারুণ একজন ফার্স্ট লেডি হতে পারত”, স্ত্রীর প্রশংসায় বলেন এই রিপাবলিকান নেতা। তিনি বলেন, “আপনারা জানেন, জাতীয় স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান এই সময়ে রাজনৈতিক দ্বন্দ্ব বা দলাদলির সময় নয়। জনগণের জন্য কাজ করতে আমাদের নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমাদের নাগরিকদেরও এবিষয়ে উদ্যোগ নিতে হবে।” “আমরা চাই সরকারের সব পর্যায়ে ডেমোক্রেট ও রিপাবলিকানরা জনগণকে রাজনীতির ঊর্ধ্বে রাখবেন। এই নির্বাচন শেষ হয়েছে, কিন্তু আমাদের নীতি টিকে থাকবে”, বলেন রমনি। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। রমনি পিছিয়ে থাকছেন প্রায় ১০০ ভোটের ব্যবধানে, তিনি পেয়েছেন ২০৬ ভোট। নিজের সমর্থক ও নির্বাচনী কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রমনি বলেন, “আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। বিশেষ করে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাদের মেয়েদের জন্য আমার শুভকামনা রইল।” এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের উদ্দেশে বলেন, “এ বিজয় কেবল ভাগ্যের জোরে নয়, এটি কোনো দুর্ঘটনাও নয়। আপনারাই এ জয়ের নায়ক।” “আপনারা ইটের পর ইট গেঁথে এই বিজয় সাজিয়েছেন। পাঁচ ও ১০ ডলারের এই প্রচারণার সত্যিকার বিজয়ী এই আপনারা। এ কাজ যখন কঠিন হয়েছে তখন আরো প্ররিশ্রম করেছেন।” প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগামী মেয়াদে তিনি এই জনসমর্থনকে যথাযথ সম্মান দেখাবেন বলেও উল্লেখ করেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১১২৮ ঘ.