বাগদাদ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের কাছেই একটি সেনা ঘাঁটির প্রবেশপথে মঙ্গলবার আত্মআতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে একটি হাসপাতাল সূত্র।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে (স্থানীয় সময়) বাগদাদের ২০ কিলোমিটার উত্তরে তাজি এলাকায় এ ঘটনা ঘটে।
সেনাঘাঁটি থেকে প্রশিক্ষণার্থী সেনারা বের হওয়ার সময় বোমা হামলা চালানো হয় বলে জানান ওই এলাকায় কর্মরত পুলিশ কর্মকর্তা আহমেদ খালেফ।
তবে নিহতদের মধ্যে কতজন সেনা সদস্য রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
২০০৬ ও ২০০৭ সালে ইরাকে সহিংসতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর পর তা কমে আসলেও জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে প্রায়ই। গত ডিসেম্বরে মার্কিন সেনাদল ইরাক ছেড়ে যাওয়ার পরে প্রতি মাসে অন্তত একটি বড় হামলা চালিয়ে থাকে জঙ্গিরা।
অক্টোবর মাসে শিয়া অধ্যুষিত এলাকাগুলো এবং ঈদুল আজহার সময় ইরানী তীর্থযাত্রীবাহী একটি বাসে বোমাহামলা চালানো হলে অন্তত ৪০ জন নিহত হয়।
বিবিসি জানায়, গত ২৪ জুলাই তাজিসহ ইরাকের বিভিন্ন স্থানে একসঙ্গে বোমা হামলায় ৪২ জন নিহত হওয়ার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে ধরে নেয়া হচ্ছে মঙ্গলবারের এ হামলাকে।
সোমবারও তাজি ও শিয়া অধ্যুষিত আল-উবাইদিয়া অঞ্চলে দুটি গাড়িবোমা হামলায় চারজন নিহত হয় এবং ১৬ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24