ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর মাত্র কয়েক ঘণ্টা; এরপরই শুরু হচ্ছে চূড়ান্ত ভোটের লড়াই। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ রাষ্ট্রের শীর্ষ পদে কাকে আগামী চার বছরের জন্য নির্বাচিত করছেন- তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় রাত) যুক্তরষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে শুরু হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। অবশ্য প্রায় ৪০ শতাংশ ভোটার এবার আগাম ভোট দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে।
সর্বশেষ জরিপেও দেখা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির মধ্যে ব্যবধান সামান্য।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সোমবারের জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৮ শতাংশ ওবামাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। আর ৪৬ শতাংশ বলেছেন রমনির কথা।
এ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ২৭ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এ দুজনই। আর শেষ মুহূর্তে এসেও বিশ্লেষকরা বলছেন, এবার ওবামা-রমনি লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ভোটারদের রায় ও ইলেকটোরাল কলেজ ভোটের সমীকরণই বলে দেবে- কে যাচ্ছেন হোয়াইট হাউসে।
নির্বাচনের আগের দিন তাই দোদুল্যমান ভোটারদের দলে টানতে মরিয়া প্রচার চালিয়েছেন প্রধান দুই প্রার্থী।শেষ দিনের প্রচারযজ্ঞে শমিল হয়েছেন তাদের স্ত্রীরাও। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা আর রমনির স্ত্রী অ্যান রমনি শেষ মুহূর্তে নিজ নিজ স্বামীর পক্ষে ভোট জনগণকে রাজি করানোর চেষ্টা চালিয়ে গেছেন।
ওবামার চার বছরের শাসনামলে দেশ কতটা এগিয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে স্বামীর পক্ষে ভোট চেয়েছেন মিশেল। অন্যদিকে, রমনিকে সব দিক থেকে একজন সফল মানুষ হিসাবে তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন অ্যান।
মিট রমনি সোমবার ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ওহাইওয় প্রচারে নামেন। এর মধ্যে ফ্লোরিডায় তিনি এগিয়ে আছেন বলে নির্বাচনী জরিপগুলোয় দেখা গেছে। একই অবস্থান রয়েছে ভার্জিনিয়াতেও।
দু’প্রার্থীর শেষ প্রচারে অর্থনীতির বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্কই প্রাধান্য পায়। ওবামার শাসনামলে অর্থনৈতিক রেকর্ড নিয়ে প্রচার চালিয়েছেন রমনি।
ওবামা যুক্তরাষ্ট্রে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টির দাবি করলেও বেকারত্ব যে কমেনি সেদিকেই ইঙ্গিত করছেন রিপাবলিকান প্রার্থী। তার দাবি, ওবামা দেশে পরিবর্তন নিয়ে আসার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, ওবামা অর্থনৈতিক অগ্রগতির প্রতিবেদন ভোটারদের সামনে তুলে ধরে বলছেন, তিনি উন্নতি করেছেন। কিন্তু সেই কাজ শেষ করার জন্য তার আরেকবার ক্ষমতায় আসা প্রয়োজন।
ওবামা সোমবার প্রচার চালান উইসকনসিন, আইওয়া আর ওহাইওতে। এই তিন রাজ্যে জয়ের পাল্লা সামান্য ঝুঁকে রয়েছে ওবামার দিকেই।
দুই প্রার্থীই প্রচারাভিযান শেষ করেছেন ওহাইও অঙ্গরাজ্যে। বিশ্লেষকরা বলছেন, এ রাজ্যে জয় পাওয়া বিশেষ করে রমনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ রাজ্যে জিততে না পারলে নির্বাচনী দৌড়ে জয় পাওয়া রমনির জন্য কঠিন হয়ে যাবে।
২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার পক্ষে যে গণজোয়ার দেখা গিয়েছিল, এবার তাতে কিছুটা ভাটা পড়েছে। তবে রমনির পক্ষেও নিরঙ্কুশ জনসমর্থনের ঢেউ জাগেনি। ফলে শেষ মুহূর্তে দুই শিবিরেই চেপে বসেছে স্নায়ুচাপ।
রমনি শ্বেতাঙ্গ, বয়স্ক ও ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, নারী, অশ্বেতাঙ্গ ও যুবকদের মধ্যে জনপ্রিয় ওবামা। এছাড়া, দোদুল্যমান গুরুত্বপূর্ণ ৯টি অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট।
বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা প্রভৃতি ইস্যুতে এই দুই নেতার নীতকে আমলে নিয়েই চূড়ান্ত রায় দেবেন ভোটাররা।
অবশ্য যুক্তরাষ্ট্রের নিয়মে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে।জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট সংখ্যক নির্ধারিত হয়। একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, ওই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো তার ঝুলিতেই যাবে।
যে প্রার্থী অন্তত ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী। ২০০৮ সালে ওবামা পেয়েছিলেন ৩৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট পেয়েছিলেন ৫২.৯ শতাংশ।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা থেকে নির্বাচনের ফল আসা শুরু করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/জেকে/১০৫০ ঘ.
bdnews24