নিউ ইয়র্ক, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় স্যান্ডি বিধ্বস্ত নিউ ইয়র্কে এখনো স্বাভাবিক অবস্থা ফিরে না আসায় নির্বাচনে ভোট গ্রহণ দ্বিতীয় দিনে গড়াতে পারে বলে জানিয়েছেন ওই রাজ্যের এক কর্মকর্তা।
স্যান্ডি দুর্গতরা মঙ্গলবার ভোট দিতে যেতে না পারলে নিউ ইয়র্কের কয়েকটি কাউন্টিতে পরে আরেকদিন ভোট নেয়ার ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। মঙ্গলবার ভোটার উপস্থিতি ২৫ শতাংশের কম হলে এ ব্যবস্থা নিতে চান নির্বাচনী কর্মকর্তারা।
আর এজন্য তারা নিউ ইয়র্কের রাজ্য নির্বাচনী বোর্ডকে আরেকদিন ভোটের ব্যবস্থা রাখার অনুরোধ জানাতে পারেন বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র থমাস কনলি। সিএনএন এ খবর জানিয়েছে।
এ রাজ্যে দুদিন ভোট নেয়ার কোনো রেকর্ড নেই বলে জানান কনলি। ভোটার উপস্থিতি আসলেই কেমন থাকবে তা বলা মুশকিল উল্লেখ করে তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে লোকজনের কাছে কোন বিষয়টি বেশি প্রাধান্য পাবে তার ওপর।
তিনি আরো বলেন, দ্বিতীয় আরেক দিন ভোট নেয়ার অনুরোধ বিবেচনা করা হবে। আর এ সিদ্ধান্ত হয়ে গেলে মঙ্গলবার পরবর্তী ২০ দিনের মধ্যে আরেকদিন ভোট নিতে হবে।
সেদিন ১১ ঘণ্টা পর্যন্ত ভোট নেয়া হবে এবং মঙ্গলবারে ভোট দেয়ার যোগ্য ভোটাররাই ওইদিন ভোট দিতে পারবেন।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির নির্বাচন কমিশনার উইলিয়াম বিয়ামন্টে লং আইলান্ডে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি অনেক কম হবে বলেই ধারণা করছেন।
কারণ, এলাকাটির স্যান্ডি দুর্গত মানুষেরা বিপর্যয় সামলে ওঠার জন্য সংগ্রাম করছে। তাছাড়া, নির্বাচনের দিনেও আরেকটি ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
তারা বলছেন, মঙ্গলবার আবহাওয়া বিরূপ থাকারই আভাস পাওয়া যাচ্ছে। প্রচণ্ড শীত তো আছেই তার ওপর ধেয়ে আসছে উপকূলীয় ঝড় নরইস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24