২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের কবলে স্যান্ডি দুর্গতরা, ভোট নিয়ে উদ্বেগ

তীব্র শীতের কবলে পড়েছে ঘূর্ণিঝড় স্যান্ডি বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দুর্গতরা। ঘরছাড়া এই ভোটারদের ভোটে অংশগ্রহণ করা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তীব্র শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলের স্যান্ডি দুর্গতরা। বিদ্যুৎ আর জ্বালানি সঙ্কটে বিপর্যস্তদের শীত থেকে বাঁচতে অস্থায়ী আশ্রয়শিবিরে যেতে বলা হয়েছে। ঘরছাড়া এ ভোটাররা মঙ্গলবার ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তারা। বিদ্যুৎ না থাকার পাশাপাশি ঘর ঊষ্ণ রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সঙ্কটের কারণে শীতের এ মৌসুমে দুর্ভোগ পোহাচ্ছে নিউ ইয়র্কের বাসিন্দারা। ঊষ্ণতা আর খাদ্যের জন্য তাদেরকে অস্থায়ী তাঁবুতে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র মাইকেল ব্লুমবার্গ। সমুদ্রের পানি রেকর্ড উচ্চতায় উপকূলে আঘাত হানার পর নিউইয়র্ক ও নিউ জার্সিতে অনেক ভোটকেন্দ্রই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঘরছাড়া ভোটারদের ই-মেইলে ভোট দেয়ার অনুমতি দিয়েছে নিউ জার্সি। অন্যদিকে, নিউইয়র্কের কিছু ভোটার তাঁবুতে বসেই ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। ঝড় পরবর্তী বিশৃঙ্খলার কারণে পূর্ব উপকূলে নির্বাচনের চূড়ান্ত প্রচার কার্যক্রমও স্বাভাবিক গতি পায়নি। এমনকি অনেক ভোটারের কাছে এখন নির্বাচন নিয়ে ভাবনার সুযোগও নেই। নিউইয়র্কের স্টাটেন দ্বীপের বাসিন্দা ফ্রাঙ্ক ক্যারোল (৫৯) বলেন, “আমি এ মুহুর্তে নির্বাচন নিয়ে খুব বেশি ভাবছি না।” তবে তার ভোট দেয়ার পরিকল্পনা আছে। কিন্তু স্থানীয় ভোট কেন্দ্রটি খোলা থাকবে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত না তিনি। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি শনি ও রোববার আগাম ভোটারদের ভোট প্রক্রিয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নিউ জার্সি কর্তৃপক্ষ একটি ব্যতিক্রমী পদক্ষেপও নিয়েছে। আর তা হল, ঝড়ের কারণে স্থানান্তরিত ভোটারদের প্রবাসী ভোটার হিসাবে বিবেচনা করা হবে। ফলে ওই ভোটাররা ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাবেন। নির্বাচনের এ অন্তিম মুহূর্তে প্রেসিডেন্ট বারাক ওবামা অবিলম্বে এ সমস্ত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। স্যান্ডি দুর্গতদের তীব্র শীতের হাত থেকে বাঁচাতে দুর্যোগ কবলিত এলাকাগুলোর জ্বালানি স্বল্পতা মেটানোর জন্য শনিবার থেকেই পূর্ণদ্যোমে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। ঝড়ের পর সংযোগ বিচ্ছিন্ন প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে খবরে। গত শুক্রবারের তুলনায় বিদ্যুৎহীন মানুষের সংখ্যা কিছুটা কমে আসলেও উত্তরপূর্ব এলাকাজুড়ে এখনো ২০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছে। শুক্রবার যা ছিল ৩০ লাখের বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নিউ ইয়র্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.