২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা বিমানঘাঁটিতে সিরীয় বিদ্রোহীদের হামলা

সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোকে রাজধানী দামেস্ক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় একটি সেনা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। নিজেদের দখলে থাকা একটি সড়ককে নিরাপদ করাও এই হামলার অন্যতম উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বৈরুত, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোকে রাজধানী দামেস্ক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় একটি সেনা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। নিজেদের দখলে থাকা একটি সড়ককে নিরাপদ করাও এই হামলার অন্যতম উদ্দেশ্য। শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের তাফতানাজ সেনা বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়। ইদলিব প্রদেশের গ্রামাঞ্চলে বোমাবর্ষণ করা জঙ্গি বিমানগুলোকে এই বিমান ঘাঁটি থেকে জ্বালানী সরবরাহ করা হতো বলে জানিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী বাহিনীর অন্যতম শরিক ইসলামি ফ্রন্টের যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে দাবী করেছে। রকেট লঞ্চার ও তিনটি ট্যাংক সহযোগে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইসলামি ফ্রন্টের সুকৌর আল শাম বিগ্রেডের এক বিদ্রোহী বলেন, “ইদলিবে বোমাবর্ষণকারী সব বিমান এই ঘাঁটিটি থেকে যাত্রা করে। এছাড়া এই বিমান ঘাঁটিটি দখল করতে পারলে আলেপ্পো-ইদলিব সংযোগকারী সড়কটিও নিরাপদ হবে।” “আমরা একটি হেলিকপ্টার ও কয়েকটি বিমান বিধ্বংসী কামান ধ্বংস করতে পেরেছি। এখন ঘাঁটিটি লক্ষ্য করে ট্যাংক থেকে গোলাবর্ষণ করছি,” টেলিফোনে ঘটনাস্থল থেকে জানান তিনি। ইসলামি ফ্রন্ট জানায়, ছয়ঘন্টা লড়াই চলার পর তারা পিছু হটে। হামলায় মোট দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে বলে জানায় তারা। “আজকের মতো আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আমরা আবার আসবো,” বলেন আরেকজন বিদ্রোহী। হামলার প্রকাশিত ভিডিও চিত্রে ঘাঁটিটিতে বিদ্রোহীদের রকেট নিক্ষেপ করতে দেখা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিমান ঘাঁটিতে বিদ্রোহী হামলার প্রতিশোধ নিতে নিকটবর্তী বেন্নিশ গ্রামে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। পূর্বাঞ্চলীয় তৈল খনি সমৃদ্ধ প্রদেশ দির আল জোর ও দামেস্কের শহরতলীতেও বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে বলে অন্য এক সংবাদ সূত্রে জানা গেছে। এছাড়া, আন্দোলনকারীরা জানিয়েছে, পশ্চিমাঞ্চলে ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা সংলগ্ন এলাকায় বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে নয় বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে সেনাবাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত ১৯ মাস ধরে চলা বিদ্রোহী লড়াইয়ে এ পযন্ত প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২৫ ঘ.