২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বয়স্কদের মধ্যে জনপ্রিয় রমনি’

যুক্তরাষ্ট্রে বয়স্ক ভোটারদের মধ্যে ডেমক্রেটিক প্রার্থী বারাক ওবামার পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ, এবং মিট রমনির পক্ষে রয়েছেন ৫১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

যুক্তরাষ্ট্র, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের বেশি পছন্দ রিপাবলিকান মিট রমনিকে। মূলতঃ স্বাস্থ্যসেবা ও চিকিৎসার মতো বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে রমনির অবস্থানই তাকে পঞ্চাশোর্ধ্বদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। আগামী মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেয়া প্রায় শেষপর্যায়ে পৌঁছেছে। শুক্রবার রয়টার্স/ইপসোসের জরিপে দেখা যায়, জনসমর্থনে সমানে সমান অবস্থানে রয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী। তবে বয়স্ক ভোটারদের মধ্যে ডেমক্রেটিক প্রার্থী বারাক ওবামার পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ, এবং মিট রমনির পক্ষে রয়েছেন ৫১ শতাংশ। ওবামা ও রমনির মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে শ্রেয়তর পরিকল্পনা কার? এই প্রশ্নের জবাবে সার্বিকভাবে ওবামার পক্ষে রয়েছে ৪২ শতাংশ জনসমর্থন, রমনির পক্ষে রয়েছে ৩৯ শতাংশ। তবে একই প্রশ্নের উত্তরে ৪৩ শতাংশ বয়স্ক রমনিকে সমর্থন দিয়েছেন, ওবামার পক্ষে রয়েছেন ৩৯ শতাংশ। চিকিৎসা সেবা পরিকল্পনায় সার্বিক জনসমর্থন ওবামার ৪২ শতাংশ, রমনির পক্ষে ৩৫ শতাংশ। কিন্তু এক্ষেত্রে বয়স্করা রমনিকে সমর্থন দিয়েছেন ৪০ শতাংশ, ওবামাকে দিয়েছেন ৩৯ শতাংশ। তবে নিজেদের পছন্দের পিছনে কারণ হিসেবে স্বাস্থ্যসেবা নয়, বরং বেশিরভাগ বয়স্ক অংশগ্রহণকারী জানিয়েছেন অর্থনীতির কথা। এর পরপরই রয়েছে বেকারত্ব সমস্যা। স্বাস্থ্য ও চিকিৎসা সেবার কথা রয়েছে তৃতীয় অবস্থানে। উইসকনসিনের বাসিন্দা ৬৫ বছর বয়সী ক্যাথি লাস্কা নিজের ভোটটি আগাম দিয়েছেন। রিপাবলিকান প্রার্থী রমনিকে ভোট দেয়া ক্যাথি বলেন, আমি এখন সরকারি চিকিৎসা সেবায় আছি। আমার মনে হয় অর্থনীতির অবস্থা ভালো হলে আমার চিকিৎসা নিয়েও আমাকে চিন্তা করতে হবে না। স্বাস্থ্য ও চিকিৎসা সেবার চেয়েও অর্থনীতি নিয়ে পরিকল্পনায় দুই প্রতিদ্বন্দ্বীর পরিকল্পনায় বড় পার্থক্য রয়েছে বলে মনে করেন ক্যাথি। অর্থনীতির উন্নয়ন করতে কোনো রাজনীতিবিদ নয়, বরং একজন ব্যবসায়ীকেই যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে অন্য অনেক প্রার্থীর জন্যই ২০১০ সালে ওবামার প্রণীত স্বাস্থ্যসেবা পরিকল্পনা, যা ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত, তাই হয়ে উঠেছে ওবামাকে সমর্থনের মূল কারণ। আগাম ভোটারদের মধ্যে বেশিরভাগই বয়স্ক নাগরিক। শুক্রবার পর্যন্ত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ শতাংশ আগাম ভোট দিয়ে এসেছেন। কিন্তু অংশগ্রহণকারী বয়স্কদের মধ্যে ৩১ শতাংশই আগাম ভোট দিয়েছেন। তবে জরিপে বয়স্কদের সমর্থনে এগিয়ে থাকলেও রমনির জয়ের ব্যাপারে এখনো নিশ্চিত নন তার সমর্থকরা। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপের সার্বিক বিশ্লেষণে ওবামার জয়ের আভাসই পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪২ ঘ.