২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১৭১,০০০ নতুন কর্মসংস্থান

যুক্তরাষ্ট্রে গত অক্টোবর মাসে ১ লাখ ৭১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান ছাড়িয়ে গেছে এ পরিসংখ্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে গত অক্টোবর মাসে ১ লাখ ৭১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান ছাড়িয়ে গেছে এ পরিসংখ্যান। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটিই দেশের শ্রমবাজারের ওপর দেয়া সর্বশেষ সরকারি হিসাব। কিন্তু চাকরির বাজারে অপ্রত্যাশিত এ অগ্রগতির পরও শ্রমদপ্তরের পরিসংখ্যানে এও দেখানো হয়েছে যে, বেকারত্বের হার এখনো বাড়ছে। অক্টোবর মাসে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৭.৯ শতাংশ। তার আগের মাস অর্থাৎ, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৮ শতাংশ। সেপ্টম্বরের তুলনায় অক্টোবরে শ্রমবাজারে চাকরি প্রত্যাশিদের ভিড় বেড়েছে। যেসব লোক চাকরি খুঁজছে বেকার হিসেবে ধরা হচ্ছে তাদেরকেই। যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বেকারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষত প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য। কারণ, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান মিট রমনি দেশের এই বেকারত্বকেই তার প্রচারাভিযানে অন্যতম অবলম্বন হিসাবে নিয়েছেন। ওবামাকে আক্রমণ করে রমনি বলে আসছেন, “আজকের ক্রমবর্ধমান বেকারত্বই আমাদেরকে মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের অর্থনীতির সত্যিকারের ধসের কথা।” “প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা গ্রহাণের পর থেকে বেকারত্বের হার দিন দিন বেড়েছে। যুক্তরাষ্ট্রে এখনও ২৩ মিলিয়ন মানুষ চাকরিহীন” বলেন রমনি। তবে শ্রমদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে গত দুইমাসে চাকরির বাজার ছিলো ঊর্ধমুখী। যা বিশেষজ্ঞদের অনুমান ছড়িয়ে গেছে। সেদিকে ইঙ্গিত করে ওহাইওতে একটি নির্বাচনি প্রচারনায় ওবামা বলেন,“ চাকরি খাতে আমরা সত্যিই উন্নতি করেছি। কিন্তু আমাদেরকে এক্ষেত্রে আরো কাজ করে যেতে হবে।” কিন্তু চাকরি খাতে এ উন্নতি সত্ত্বেও ওবামাকে এখনো উচ্চ বেকারত্বের হার নিয়েই নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে। অক্টোবরে প্রত্যাশার চেয়েও বেশি নতুন কর্মসংস্থান হলেও একই মাসে পাঁচ লাখ ৭৮ হাজার মানুষ ভালো চাকরির সন্ধানে ছিলো যারা যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী বেকার বলেই গণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২২১৮ঘ.