২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবীয় পার্লামেন্ট অস্ত্রধারী প্রতিবাদীদের দখলে

লিবিয়ার প্রস্তাবিত নতুন মন্ত্রিসভায় সাবেক ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সম্পৃক্তদের স্থান দেওয়ার প্রতিবাদে দেশটির পার্লামেন্ট দখলে নিয়েছে অস্ত্রধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নতুন সরকার গঠনে ক্ষোভ জানাতে দেশটির পার্লামেন্টের দখল নিয়েছে ডজনেরও বেশি বিক্ষুব্ধ অস্ত্রধারী প্রতিবাদকারী। নতুন সরকারে বেশ কয়েকজন মন্ত্রীরকে বাদ দেওয়ার দাবিতে তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের অভিযোগ, দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে ওই মন্ত্রীদের সম্পৃক্ততা ছিল। বিক্ষুব্ধরা বিমান বিধ্বংসী অস্ত্রসহ ডজনেরও বেশি ট্রাকে করে এসে পার্লামেন্টের প্রধান সড়কে অবস্থান নেয়। চলতি বছরের জুলাইয়ে লিবিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর কয়েকদফা সরকার গঠনে ব্যর্থ হয় দেশটির নির্বাচিত অন্তর্র্বতীকালীন নতুন সংসদ। অবশেষে বুধবার দেশটিতে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। প্রধানমন্ত্রী আলি জিদান সরকার গঠনে তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করলে তাতে সমর্থন দেয় পার্লামেন্ট। আলি জিদানের মন্ত্রিসভায় উদারপন্থী ও ইসলামপন্থীদের স্থান দেওয়া হয়। সব দলের কাছে গ্রহণযোগ্য করতেই তিনি এই কৌশল গ্রহণ করেছেন। কিন্তু তার এই সমঝোতার কৌশলের প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। যার ফলশ্র“তিতে বুধবার অস্ত্রধারীরা পার্লামেন্ট ভবন ও এর নিরাপত্তা ব্যবস্থার দখল নেয়। ত্রিপোলি থেকে বিবিসির রানা জওয়াদ জানান, অস্ত্রধারীদের অনেকে সেনা পোশাক পরিহিত ও বাকিরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় রয়েছে। রানা জানান, এদের অনেকে মিসরাতা এবং অন্যরা ত্রিপোলি থেকেই এসেছেন। এদের কেউ কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও আগ্রহী। সাধারণ পোশাক পরিহিত অস্ত্রধারী একজন বিবিসিকে বলেন, “তাদের অনেকেরই (মন্ত্রিদের) গাদ্দাফির সঙ্গে দীর্ঘ সময়ের সম্পৃক্ততা ছিল। আমার তাদের চাই না।” জানা গেছে, প্রেসিডেন্টশিয়াল রক্ষীরা পার্লমেন্ট কমপ্লেক্সে অবস্থান করছে। অস্ত্রধারীদের সঙ্গে কোনো লড়াইয়ে না যেতে তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্রধারীরা বিশ্বাস করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে তারা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে সক্ষম হবেন। লিবিয়ার নতুন সরকারে সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিলের নেতৃত্বাধীন উদারপন্থী ও মুসলিম ব্রাদারহুড সমর্থিত জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টির প্রতিনিধিরা রয়েছেন। আলি জিদানের প্রস্তাবিত নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বেনগাজি থেকে আসা প্রতিনিধিদের হাতে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রিসভায় দুইজন নারীর নামও প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.