লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবের পর নির্বাচনের ঠিক ছয় দিন আগে এক হেলিকপ্টারে করে দুর্গত এলাকা সফর করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দলের নেতা নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি।
ঝড়ে দারুণভাবে বিপর্যস্ত আটলান্টিক সিটির ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে বুধবার দুর্গতদের উদ্দেশে ওবামা বলেছেন, আবার মাথা উুঁচু করে উঠে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সব সহায়তা সরকার দেবে।
ত্রাণ কর্মীদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ- দুর্গতদের সহায়তায় কোনো আমলাতান্ত্রিক জটিলতা চলবে না। তাদের পাশে পৌঁছাতে হবে ডাক পাবার ১৫ মিনিটের মধ্যে।
এই ঘূর্ণিঝড়ের শুরু থেকেই প্রেসিডেন্ট ওবামা যেসব উদ্যোগ ও ভূমিকা রেখেছেন তার ভূয়সী প্রশংসা করেন সরকারের কঠোর সমালোচক হিসাবে পরিচিত ক্রিস্টি, যিনি নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির অত্যন্ত ঘনিষ্ট।
নিউ জার্সির ধ্বংসস্তূপের মধ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবামার প্রশংসা করে ক্রিস্টি বলেন, “আমার রাজ্যের মানুষের জন্য প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে যে উদ্যোগ দেখিয়েছেন, তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।”
জবাবে ক্রিস্টির পিঠ চাপড়ে দেন ওবামাও। তিনি বলেন, গভর্নর শুরু থেকেই মানুষকে নিরাপদ রাখার জন্য দারুণ কাজ দেখিয়েছেন।
এদিকে স্যান্ডির কারণে দুই দিন স্থবির থাকার পর আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল।
বুধবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। শুরু হয়েছে দাপ্তরিক কাজ-কর্মও। নিউ ইয়র্কে চালু হয়েছে বিমানবন্দরগুলো। আংশিকভাবে চালু করা হয়েছে সাবওয়ে।
তবে দুর্যেগ কবলিত রাজ্যগুলোতে প্রায় ৬০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। নিউ ইয়র্কের বিদ্যুৎ সরবরাহ বিভাগের ১৮ শ’ কর্মী দিন রাত কাজ করে চললেও আরো কয়েক দিন এ অবস্থা চলতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর নিউ জার্সিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ক্যারিবীয় সাগরে সৃষ্ট হারিকেন স্যান্ডি সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূল অতিক্রম করে। রাতভর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ যায় অন্তত ৬৪ জনের।
যুক্তরাষ্ট্রে আসার পথে জ্যামাইকা, হাইতি ও কিউবায় আরো অন্তত ৬৭ জনের প্রাণ কেড়ে নেয় এই ঘূর্ণিঝড়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবীয় অঞ্চলের ওই তিন দেশেও।
বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি নিয়ে তাণ্ডব চালিয়েছে স্যান্ডি। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে মঙ্গলবার নিউ ইয়র্ক রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্যোগ কবলিত ১৩টি রাজ্যে ৮০ লাখ মানুষ অন্ধকারে ডুবে যায়।
রেকর্ড ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সাবওয়ে টানেলে পানি ঢুকে পড়ায় নিউ ইয়র্কের গণ পরিবহন ব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের বিমান বন্দরগুলোতে চার দিনে বাতিল করা হয় অন্তত ১৮ হাজার ফ্লাইট। স্কুল বন্ধ রেখে খোলা হয় আশ্রয় শিবির। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ফ্লোর ট্রেডিংও বন্ধ থাকে দুই দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২০ ঘ.
bdnews24