বেইজিং, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা শাসনের প্রতিবাদে গত সপ্তাহে আগুনে আত্মাহুতি দিয়েছে ৭ তিব্বতি। গতবছর থেকে চীন-বিরোধী বিক্ষোভে দেহে আগুন দিয়ে প্রতিবাদ জানানো তিব্বতির সংখ্যা এটাই সর্বোচ্চ।
শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ফ্রি টাইবেট’।
বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার তিব্বতের রাজধানী লাসার উত্তরে দিরুই এলাকার একটি সরকারি ভবনের বাইরে দেহে আগুন ধরিয়ে একজন আত্মহুতি দেয় এবং অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২০১১ সালে তিব্বতে চীনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ জন এভাবে তিব্বতি এভাবে আগুনে আত্মাহুতি দিয়েছে। তাদের মধ্যে অর্ধেকই মারা যায়।
দেহে আগুন ধরানো বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসবাদী’ ও অপরাধী হিসেবে অভিহিত করেছে চীন সরকার। তাদের উৎসাহিত করার জন্য তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দালাই লামাকে অভিযুক্ত করা হয়।
বেইজিং প্রশাসনের কাছে দালাই লামা ‘ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে পরিচিত। তবে সহিংসতায় মদদ দেয়ার কথা সবসময়ই অস্বীকার করে আসছেন তিনি।
কিন্তু সমাজতান্ত্রিক চীনের অধীন তিব্বতের আধ্যাত্মিক সংস্কৃতির ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা দালাইলামা বরাবরই করে আসছেন।
১৯৫০ সাল থেকেই তিব্বতের উপর কঠোর নিয়ন্ত্রণ চালিয়ে আসছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪৫ঘ.
bdnews24