ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে সাম্প্রতিক জাতিগত সহিংসতায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন।
প্রেসিডেন্টের মুখপাত্র বিবিসিকে বলেছেন, “রাখাইন প্রদেশের সব গ্রাম ও শহরগুলোর কিছু কিছু অংশ পুড়িয়ে দেয়া হয়েছে।”
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও) শুধু উপকূলীয় শহর কিয়াউকপিউতে শতশত ভবন ধংসের স্যাটেলাইট চিত্র প্রকাশ করার পর একথা বলেছেন তিনি।
বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম রোহিঙ্গারা বৌদ্ধ সম্প্রদায়ের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, বিপর্যস্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
সাম্প্রতিক সহিংসতায় ৬৪ জন মারা গেছেন বলে জানিয়েছেন মিয়ানমারের কর্মকর্তারা। কিন্তু এইচআরডব্লিও’র আশঙ্কা এ সংখ্যা আরো অনেক বেশি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেছেন, রাখাইন প্রদেশে জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের পদক্ষেপ নেয়া উচিত।
রাখাইন প্রদেশটি এক সময় আরাকান নামেও পরিচিত ছিল। প্রদেশটিতে বহুদিন ধরে সংখ্যাগরিষ্ঠ রাখাইন ও মুসলিমদের মধ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে।
মুসলিমদের মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ যাদের অবৈধ অভিবাসী বলে মনে করে।
গত জুনের পর রোববার থেকে দেশটিতে আবারো জাতিগত সহিংসতা শুরু হয়েছে। জুনের সংঘর্ষে প্রায় ৮০ জন নিহত এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২১৩০ ঘ.
bdnews24